পাকিস্তানে প্রবাসী পরিবারের ওপর পুলিশের গুলিবর্ষণ, ৯ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু!
অস্ট্রেলিয়া প্রবাসী পাকিস্তানি পরিবারের গাড়ি ডাকাতদের ভেবে ভুল করে পুলিশের গুলিবর্ষণের ঘটনায় ৯ বছর বয়সী শিশু হানিয়া আহমেদ নিহত হয়েছে। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের চাকওয়াল জেলায় বুধবার গভীর রাতে এই মর্মান্তিক ঘটনা ঘটে। হজ পালন শেষে আত্মীয়দের বাড়িতে যাওয়ার পথে গাড়িটি ডাকাতদের কবলে পড়লে পরিবারের সদস্যরা পুলিশকে ফোন করেন। তবে ঘটনাস্থলে পৌঁছানো পাঞ্জাব পুলিশের বিশেষ দল পরিস্থিতি পর্যবেক্ষণ না করেই গাড়িটির ওপর নির্বিচারে গুলিবর্ষণ করে। এ ঘটনায় হানিয়ার বাবা আদিল আহমেদ ও তার বড় ভাই আহত হয়ে রাওয়ালপিন্ডির হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এই ঘটনার পর আন্তর্জাতিক মহলে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি অ্যালবানিজ গভীর উদ্বেগ প্রকাশ করে পাকিস্তান সরকারের কাছে একটি স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন। প্রাথমিক তদন্তে পুলিশের গাফিলতির প্রমাণ মেলায় সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বিরুদ্ধে হত্যার মামলা দায়ের করা হয়েছে। যদিও পাঞ্জাব পুলিশ দাবি করেছে যে, সন্দেহভাজনদের সাথে এনকাউন্টারের সময় এই দুর্ঘটনা ঘটে, তবুও বাহিনীর পক্ষ থেকে স্বীকার করা হয়েছে যে, কোনো যাচাই ছাড়াই গাড়ি লক্ষ্য করে গুলি চালানো নিয়মবহির্ভূত ছিল।