পরচুলওয়ালার সঙ্গে ফ্রি বিউটি পার্লার! সুদীপকে দুয়ো দিয়ে তুলোধনা কুণালের
কলকাতা: তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় দলবদল করে বিজেপিতে যোগ দেওয়ার প্রক্রিয়া শুরু করায় রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল পড়েছে। শনিবার শতাব্দী রায়ের হাত ধরে দিল্লির দরবারে গিয়ে কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের খবর সামনে আসতেই তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূল বিধায়ক কুণাল ঘোষ। সুদীপ বন্দ্যোপাধ্যায় ও তাঁর স্ত্রী বিধায়ক নয়না বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কুণাল ঘোষ কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন।
কুণাল ঘোষ তৃণমূল সাংসদকে তীব্র কটাক্ষ করে বলেন, সুদীপ বন্দ্যোপাধ্যায়ের দলবদলের সিদ্ধান্তটি ‘বাই ওয়ান গেট ওয়ান ফ্রি’-এর মতো। তিনি আরও অভিযোগ করেন যে, তাপস রায়ের মতো নেতা সুদীপের চক্রান্তেই দল ছাড়তে বাধ্য হয়েছিলেন। এ ছাড়া কুণাল ঘোষ চাঞ্চল্যকর তথ্য দিয়ে জানান, মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে সিআইডির যাওয়ার দুদিন আগেও সুদীপ বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর কথা হয়েছিল, অথচ বর্তমানে তিনি বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। রাজনৈতিক মহলের মতে, এই দলবদলকে কেন্দ্র করে কুণাল ঘোষের এহেন ব্যক্তিগত আক্রমণ রাজ্যে রাজনীতির পারদ আরও বাড়িয়ে দিয়েছে।