পরকীয়ার প্রমাণ পেলেই বিবাহবিচ্ছেদ নয়, আদালতের বড় রায়! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
নিছক সন্দেহ বা কাউকে আপত্তিকর অবস্থায় দেখার দাবির ওপর ভিত্তি করে বিবাহবিচ্ছেদ মঞ্জুর করা যাবে না—পরকীয়া সংক্রান্ত একটি মামলায় এমনই ঐতিহাসিক মন্তব্য করল পাটনা হাইকোর্ট। আদালত স্পষ্ট জানিয়েছে, পরকীয়ার অভিযোগে বিবাহবিচ্ছেদ পেতে হলে ভিত্তিহীন দাবির বদলে সন্দেহাতীত ও জোরালো প্রমাণ পেশ করা বাধ্যতামূলক।
এক দম্পতির বিবাহবিচ্ছেদের মামলা খারিজ করে বিচারপতি বিবেক চৌধুরী ও বিচারপতি রানা বিক্রম সিংয়ের ডিভিশন বেঞ্চ এই গুরুত্বপূর্ণ পর্যবেক্ষণটি করেন। মামলাকারী স্বামীর দাবি ছিল, তিনি তাঁর স্ত্রীকে শ্যালিকার স্বামীর সাথে আপত্তিকর অবস্থায় দেখেছিলেন। ফ্যামিলি কোর্ট প্রথম দফাতেই তাঁর আবেদন খারিজ করে দিলে, স্বামী হাইকোর্টের দ্বারস্থ হন। কিন্তু হাইকোর্টও নিম্ন আদালতের রায়ই বহাল রাখে।
উচ্চ আদালত ব্যাখ্যায় জানায়, হিন্দু বিবাহ আইন অনুযায়ী পরকীয়া বিবাহবিচ্ছেদের বৈধ কারণ হলেও, কাউকে কেবল আপত্তিকর অবস্থায় দেখা আর প্রত্যক্ষভাবে শারীরিক সম্পর্কে লিপ্ত হওয়ার প্রমাণের মধ্যে আকাশ-পাতাল তফাত রয়েছে। মধ্যপ্রদেশ হাইকোর্টের পূর্ববর্তী বিভিন্ন রায়ের দৃষ্টান্ত টেনে বেঞ্চ জানায়, পরকীয়ার প্রত্যক্ষ প্রমাণ পাওয়া কঠিন হলেও, এমন গুরুতর অভিযোগে নিরেট পরিস্থিতিগত প্রমাণ (circumstantial evidence) থাকা আবশ্যিক। অস্পষ্ট ও জোরালো প্রমাণহীন অভিযোগের ওপর ভর করে আদালত কোনোভাবেই বিবাহবিচ্ছেদের নির্দেশ দিতে পারে না।