নেপালে ৪.৯ মাত্রার ভূমিকম্প, কেঁপে উঠল উত্তরবঙ্গ ও সিকিম

বৃহস্পতিবার ভোর সাড়ে চারটে নাগাদ ভূমিকম্পে কেঁপে উঠল উত্তরবঙ্গের বিস্তীর্ণ অঞ্চল। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৪.৯। ভূমিকম্পের উৎসস্থল ছিল নেপাল, যা সিকিমের ইয়কসম থেকে প্রায় ৪০ কিলোমিটার উত্তর-পশ্চিমে অবস্থিত।
এই কম্পনের জেরে সিকিম, দার্জিলিং, কালিম্পং এবং জলপাইগুড়িতে মৃদু কম্পন অনুভূত হয়েছে। এছাড়া বিহার, ভূটান এবং বাংলাদেশের কিছু এলাকাতেও কম্পনের প্রভাব পড়েছে। ভোরবেলা কম্পন অনুভূত হওয়ায় অনেকেই ঘুমন্ত অবস্থায় ছিলেন, তবে যারা জেগে ছিলেন তারা কম্পন টের পেয়ে আতঙ্কিত হয়ে পড়েন। আতঙ্কে অনেকে ঘর ছেড়ে বাইরে বেরিয়ে আসেন।
ভূমিকম্পের উৎসস্থল নেপাল ও সিকিম সীমান্তের কাছাকাছি হওয়ায় পার্বত্য জেলাগুলিতে কম্পনের তীব্রতা কিছুটা বেশি ছিল। তবে এখনও পর্যন্ত এই ভূমিকম্পের জেরে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এবারের ঘটনায় বড় কোনো বিপত্তির খবর নেই।