নেটফ্লিক্সের পাকিস্তানি সিরিজ নিষিদ্ধের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি AICWA-র

অল ইন্ডিয়ান সিনে ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন (AICWA) নেটফ্লিক্সে মুক্তি পেতে চলা পাকিস্তানি সিরিজ ‘জো বচে হ্যায় সঙ্গ সমেট লো’ ভারতে নিষিদ্ধ করার দাবি জানিয়েছে। এই দাবি নিয়ে সংগঠনের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে একটি চিঠি পাঠানো হয়েছে।

চিঠিতে ২০২৫ সালের ৮ মে তথ্য ও সম্প্রচার মন্ত্রকের জারি করা একটি নির্দেশিকার কথা উল্লেখ করা হয়েছে। ওই নির্দেশিকায় পহেলগাঁও জঙ্গি হামলার প্রেক্ষিতে ভারতীয় ওটিটি প্ল্যাটফর্মগুলিতে পাকিস্তানি কনটেন্ট সম্প্রচার বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছিল। AICWA-র দাবি, কেন্দ্রীয় সরকারের সেই নির্দেশিকা কঠোরভাবে কার্যকর করতে হবে।

সংগঠন আরও আবেদন জানিয়েছে যে, ভবিষ্যতে যাতে কোনো পাকিস্তানি প্রযোজনা ভারতীয় পর্দায় জায়গা না পায়, তার জন্য কঠোর শাস্তির বিধানসহ একটি স্থায়ী আইন প্রণয়ন করা হোক। AICWA-র মতে, এই সিরিজ ভারতে সম্প্রচার করা হলে তা কেন্দ্রীয় নির্দেশিকা এবং সাধারণ মানুষের আবেগের পরিপন্থী হবে। পুলওয়ামা হামলার পর ভারতীয় সিনেমায় পাকিস্তানি শিল্পীদের কাজ করার ওপর যে নিষেধাজ্ঞা জারি হয়েছিল, সেই অবস্থানের কথাও চিঠিতে স্মরণ করিয়ে দেওয়া হয়েছে।

ফারহাত ইশতিয়াকের উপন্যাস অবলম্বনে নির্মিত এই সিরিজে ফাওয়াদ খান, মাহিরা খান, আহাদ রাজা মীর এবং হানিয়া আমিরসহ পাকিস্তানের একাধিক তারকা অভিনয় করেছেন। সিরিজটির শুটিং হয়েছে পাকিস্তান, ইতালি এবং ব্রিটেনে। আগামী ৪ ডিসেম্বর নেটফ্লিক্সে সিরিজটির প্রিমিয়ার হওয়ার কথা থাকলেও, ভারতে এটি দেখা যাবে কি না, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ঘোষণা করেনি স্ট্রিমিং প্ল্যাটফর্মটি। বর্তমানে কেন্দ্রের পরবর্তী পদক্ষেপের দিকেই নজর রয়েছে সকলের।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *