নির্বাচনের আগে বড় চাল! ৫ কেন্দ্রীয় বাহিনীর প্রধানের বৈঠকে রণকৌশল ঠিক, লক্ষ্য ‘শান্তি’
পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটগ্রহণ : নিশ্ছিদ্র নিরাপত্তার চাবিকাঠি বৈঠক`
পশ্চিমবঙ্গে আসন্ন বিধানসভা নির্বাচনের প্রথম দফার ভোটগ্রহণকে কেন্দ্র করে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে কলকাতায় এক উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনীর (CAPF) প্রধানরা নির্বাচন কমিশনারের অবাধ ও শান্তিপূর্ণ ভোট করানোর প্রতিশ্রুতি রক্ষায় রাজ্যে রেকর্ড সংখ্যক বাহিনী মোতায়েনের চূড়ান্ত প্রস্তুতির রূপরেখা নির্ধারণ করেছেন। সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, এসএসবি এবং আইটিবিপি-র ডিরেক্টর জেনারেলরা এই বিশেষ আলোচনায় অংশ নেন।
এই যৌথ বৈঠকে স্পর্শকাতর এলাকাগুলোতে কুইক রেসপন্স টিম (QRT) মোতায়েন এবং অ্যান্টি-সাবোটাজ চেকের উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। বাহিনীর শীর্ষকর্তারা ‘ইন্টিগ্রেটেড সিকিউরিটি গ্রিড’ তৈরির পরিকল্পনা নিয়ে আলোচনা করেন, যার মাধ্যমে ভোট চলাকালীন যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি দ্রুত মোকাবিলা করা সম্ভব হবে। সিআইএসএফ প্রধান প্রবীর রঞ্জন প্রতিটি জওয়ানকে ‘গণতন্ত্রের রক্ষক’ হিসেবে অভিহিত করে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন। তিনি স্পষ্ট জানান, বিভিন্ন বাহিনী আলাদাভাবে নয়, বরং ‘ওয়ান ইলেকশন ফোর্স’ হিসেবে দায়িত্ব পালন করবে। ২৩ এপ্রিল রাজ্যের ১৫২টি কেন্দ্রে প্রথম দফার ভোটগ্রহণের সময় বাহিনীর উচ্চপদস্থ আধিকারিকদের সশরীরে মাঠে থেকে নেতৃত্ব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।