নবান্ন দখলেই পুলিশ ও প্রশাসনে বড় রদবদলের নীল নকশা প্রস্তুত বিজেপির
কলকাতা ৬ মে, ২০২৬। রাজ্যে বিধানসভা নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পরেই এবার পুলিশ ও প্রশাসনের খোলনলচে বদলে ফেলতে চাইছে ভারতীয় জনতা পার্টি। নবান্নের অলিন্দে কান পাতলেই শোনা যাচ্ছে এক বড়সড় রদবদলের পরিকল্পনা। সূত্রের খবর, বিজেপি সরকারের শপথ গ্রহণের পরমুহূর্ত থেকেই একাধিক গুরুত্বপূর্ণ পদে আমূল পরিবর্তনের প্রক্রিয়া শুরু হয়ে যাবে।
অবসরপ্রাপ্ত ও চুক্তিভিত্তিক আধিকারিকদের বিদায়
বিজেপি সূত্রের দাবি, গত সরকারের আমলে যে সমস্ত প্রশাসনিক বা পুলিশ আধিকারিক অবসর নেওয়ার পরেও পুনরায় বহাল হয়েছিলেন বা চুক্তিভিত্তিক কাজ করছিলেন, তাঁদের প্রথমেই ছেঁটে ফেলা হবে। প্রশাসনের স্বচ্ছতা ফেরাতে এবং নতুন মেধার সুযোগ করে দিতেই এই কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে দলীয় মহলের ধারণা।
তালিকায় উত্তরপ্রদেশের দুঁদে আইপিএস
সবথেকে বড় চমক আসতে পারে পুলিশ প্রশাসনে। শোনা যাচ্ছে, রাজ্যের একগুচ্ছ আইপিএস অফিসারকে ভিনরাজ্যে পাঠানো হতে পারে। তাঁদের পরিবর্তে উত্তরপ্রদেশের অজয় পাল শর্মার মতো দুঁদে ও নির্ভীক অফিসারদের ডেপুটেশনে বাংলায় নিয়ে আসার প্রস্তুতি চলছে। উত্তরপ্রদেশ মডেলে রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণে আনাই এই পরিকল্পনার মূল উদ্দেশ্য বলে মনে করা হচ্ছে।
কেন্দ্রীয় মন্ত্রক থেকে ফিরছেন বাঙালি আমলারা
একই সঙ্গে, কেন্দ্রীয় সরকারের বিভিন্ন মন্ত্রকে কর্মরত অভিজ্ঞ বাঙালি আইএএস এবং আইপিএস আধিকারিকদেরও রাজ্যে ফিরিয়ে আনার পরিকল্পনা রয়েছে। দিল্লি ও অন্যান্য রাজ্যে কর্মরত এই আধিকারিকদের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে রাজ্যের গুরুত্বপূর্ণ প্রশাসনিক পদগুলোতে নিয়োগ করা হতে পারে। মূলত প্রশাসনের কাজে গতি আনা এবং কেন্দ্র-রাজ্য সমন্বয় বাড়াতেই এই পদক্ষেপ নেওয়ার চিন্তাভাবনা চলছে।
শপথ গ্রহণের আগেই এই ধরণের রদবদলের জল্পনায় প্রশাসনের অন্দরে এখন থেকেই শোরগোল পড়ে গিয়েছে। দিল্লি ও উত্তরপ্রদেশের প্রশাসনিক ধাঁচে বাংলাকে ঢেলে সাজাতে এখন থেকেই কোমর বেঁধে নামছে গেরুয়া শিবির।
প্রতিবেদক: বর্তমান ঠাকুর।