নবান্নের অদূরে আবাসনে ফের চুরি, ৪০টি ফ্ল্যাট থেকে খোয়া গেল লক্ষাধিক টাকার জুতো

হাওড়ার শিবপুরে অবস্থিত হ্যাপি গার্ডেন হাউজিং সোসাইটিতে চুরির ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। রবিবার ভোররাতে এই আবাসনের প্রায় ৪০টি ফ্ল্যাটের বাইরে রাখা দামি জুতো চুরি হয়েছে বলে অভিযোগ উঠেছে। এক অজ্ঞাতপরিচয় ব্যক্তি এই কাণ্ড ঘটিয়েছে বলে জানা গেছে।

আবাসনের বাসিন্দাদের দাবি, চুরি যাওয়া স্নিকার্স, স্যান্ডেল এবং ফরমাল জুতোর আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা গেছে, ভোর ৪টে থেকে ৫টার মধ্যে ওই ব্যক্তি আবাসনের পাঁচিল টপকে ভিতরে প্রবেশ করে। এরপর সে ব্লক এ এবং ব্লক বি-এর ফ্ল্যাটের বাইরে রাখা জুতোর আলমারি থেকে বেছে বেছে দামি জুতো ব্যাগে ভরে নিয়ে চম্পট দেয়।

এই ঘটনার পর আবাসনের বাসিন্দারা শিবপুর থানায় সিসিটিভি ফুটেজ জমা দিয়েছেন। তাঁরা অভিযুক্তের দ্রুত শনাক্তকরণ এবং চুরি যাওয়া জুতো উদ্ধারের দাবি জানিয়েছেন। আবাসনের বাসিন্দাদের অভিযোগ, গত দু’মাসের মধ্যে এই নিয়ে দ্বিতীয়বার তাঁদের আবাসনের নিরাপত্তা বিঘ্নিত হলো। নবান্নের কাছে অবস্থিত এই আবাসনে বারবার চুরির ঘটনা ঘটায় প্রবীণ নাগরিকদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ক্রমশ বাড়ছে। ঘটনার পর আবাসনের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার পাশাপাশি রাতের দিকে পুলিশি টহলদারি বাড়ানোর জন্য স্থানীয়রা আবেদন জানিয়েছেন প্রশাসনের কাছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *