নন্দীগ্রামের পর এবার ভবানীপুর, শুভেন্দুর জয়কে চ্যালেঞ্জ করে ফের হাই কোর্টে মমতা!
২৬-এর বিধানসভা নির্বাচনে ভবানীপুর কেন্দ্রের ভোটের ফলাফলকে চ্যালেঞ্জ করে কলকাতা হাই কোর্টে নির্বাচনী পিটিশন ও হলফনামা দাখিল করেছেন পরাজিত তৃণমূল প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে তিনি নিজে আদালত চত্বরে উপস্থিত হয়ে এই পিটিশন জমা দেন। এ সময় তাঁর সঙ্গে ছিলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ ও দোলা সেন।
ভবানীপুর কেন্দ্রে বিজেপি নেতা ও বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে ১৫ হাজারের বেশি ভোটে পরাজিত হওয়ার পর ফলাফল কারচুপির অভিযোগ তুলে তিনি আদালতের দ্বারস্থ হলেন। উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর কাছে পরাজয়ের বিষয়টি নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের একটি মামলা বর্তমানে আদালতে বিচারাধীন রয়েছে। এবার ভবানীপুরের ফলাফল নিয়ে আইনি লড়াই শুরু হওয়ায় রাজ্য রাজনীতিতে শাসক ও বিরোধী দলের সংঘাত আরও তীব্র হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।