নদিয়া সীমান্তে ১২ জনের অনিশ্চিত ভবিষ্যৎ, চরম উত্তেজনায় কাঁপছে জিরো পয়েন্ট!
নদিয়ার হোগলবেড়িয়া থানার রানিনগর সীমান্তে ১২ জন নাগরিককে কেন্দ্র করে ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে তীব্র টানাপোড়েন তৈরি হয়েছে। চার মহিলা ও চার শিশুসহ মোট ১২ জনকে পুশব্যাক করার অভিযোগ তুলে বিজিবি এবং তাদের ফিরিয়ে নেওয়ার দাবি জানালেও, বিএসএফ তা পুরোপুরি অস্বীকার করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে গত দু’দিনে দুই বাহিনীর মধ্যে পরপর দুটি ফ্ল্যাগ মিটিং হলেও কোনো রফাসূত্র মেলেনি, যার ফলে ওই ১২ জনের ভবিষ্যৎ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।
বিজিবির দাবি, গত শুক্রবার ভোরে বিএসএফ কাঁটাতারের গেট খুলে এই ১২ জনকে বাংলাদেশের সীমানায় ঠেলে দিয়েছে। অন্যদিকে, বিএসএফ স্পষ্টভাবে জানিয়েছে যে রানিনগর সীমান্ত দিয়ে কাউকে বাংলাদেশে পাঠানো হয়নি, তাই তাদের ফিরিয়ে নেওয়ার প্রশ্নই ওঠে না। এই পাল্টাপাল্টি অবস্থানের জেরে ১৪৮/৩-এস পিলারের কাছে মাথাভাঙা নদীর তীরে জিরো পয়েন্ট এলাকায় অচলাবস্থা সৃষ্টি হয়েছে। সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি ও স্থানীয় বাসিন্দারা অনড় অবস্থান নেওয়ায় দুই দেশের সীমান্ত বাহিনীর সম্পর্কের টানাপোড়েন বৃদ্ধি পেয়েছে। বিএসএফ জানিয়েছে, বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।