নদিয়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু ছাত্রীর

নদিয়ায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় মর্মান্তিক মৃত্যু ছাত্রীর

নদিয়ার তাহেরপুর থানার বাদকুল্লা এলাকায় কালীপুজোর বিসর্জনের শোভাযাত্রায় অংশ নিতে গিয়ে এক তরুণীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতার নাম দিয়া সরকার, বয়স ১৮ বছর। তিনি স্থানীয় একটি হাই স্কুলের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন। শুক্রবার রাতে বাদকুল্লা-২ গ্রাম পঞ্চায়েতের বাপুজি নগর এলাকায় এই দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রতিমা বিসর্জনের পর শোভাযাত্রা ফেরার সময় চলন্ত ইঞ্জিনভ্যানে থাকা জেনারেটরের কাছে চলে যান ওই তরুণী। তাঁর খোলা চুল অসাবধানতাবশত জেনারেটরের ইঞ্জিনের ভেতরে ঢুকে যায়। চুল পেঁচিয়ে যাওয়ায় তিনি জেনারেটরের ওপর পড়ে যান এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। স্থানীয়রা তাঁকে উদ্ধারের চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি।

খবর পেয়ে রাতেই তাহেরপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শক্তিনগর জেলা হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ বিসর্জনের কাজে ব্যবহৃত ইঞ্জিনভ্যান ও অন্যান্য গাড়ি আটক করেছে। ঘটনার পেছনে কোনো গাফিলতি বা যান্ত্রিক ত্রুটি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। এর আগে শান্তিপুরেও একই ধরনের ঘটনায় এক যুবতী গুরুতর জখম হয়েছিলেন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *