নতুন বছরে কি সত্যিই অকেজো হবে পুরনো চেক বই? আসল সত্যি জানালেন RBI! – বর্তমান বাংলা

চেক বইয়ের নিয়ম বদল নিয়ে সোশ্যাল মিডিয়ায় ছড়ানো তথ্য ‘ভিত্তিহীন’, জানাল আরবিআই
নিজস্ব প্রতিবেদক: চেক বইয়ের নিয়ম পরিবর্তন সংক্রান্ত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া যাবতীয় জল্পনা ও তথ্যকে ‘সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও বিভ্রান্তিকর’ বলে উড়িয়ে দিল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই)। কেন্দ্রীয় ব্যাঙ্কের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছে, বর্তমানে চেক বই সংক্রান্ত নিয়মে কোনো ধরণের পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়নি।
গত কয়েকদিন ধরে বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার করা হচ্ছিল যে, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে চেক বইয়ের নিয়মে বড় ধরনের পরিবর্তন আসছে। ওই বিভ্রান্তিকর বার্তায় দাবি করা হয়েছিল, ৩১ ডিসেম্বর, ২০২৬-এর পর পুরনো চেক বইয়ের মাধ্যমে ৫০ হাজার টাকার বেশি লেনদেন করা যাবে না। এছাড়া নতুন চেক বইতে আলফা-নিউমেরিক কোড, নতুন এমআইসিআর (MICR) সিস্টেম ও বিশেষ ইউভি (UV) কোডের মতো অত্যাধুনিক নিরাপত্তা ফিচার যুক্ত করা হবে বলেও প্রচার করা হচ্ছিল।
এই প্রসঙ্গে রিজার্ভ ব্যাঙ্কের অবস্থান অত্যন্ত স্পষ্ট:
১. লেনদেনের কোনো সীমা নেই: ৫০,০০০ টাকার বেশি লেনদেনের জন্য নতুন চেক বইয়ের প্রয়োজন হবে বা পুরনো চেক বইয়ের ওপর কোনো ঊর্ধ্বসীমা আরোপ করা হয়েছে—এ ধরনের কোনো নির্দেশিকা আরবিআই জারি করেনি।
২. নিরাপত্তা বিধিতে কোনো পরিবর্তন নেই: বর্তমানে প্রচলিত সিটিএস (CTS) চেক বইয়ের ক্ষেত্রে নতুন কোনো আলফা-নিউমেরিক বা ইউভি কোড সংক্রান্ত নিয়ম বাধ্যতামূলক করা হয়নি।
এই ধরণের গুজব থেকে গ্রাহকদের সতর্ক থাকার পরামর্শ দিয়েছে কেন্দ্রীয় ব্যাঙ্ক। রিজার্ভ ব্যাঙ্ক জানিয়েছে, ব্যাঙ্কিং সংক্রান্ত যেকোনো সরকারি নির্দেশিকা বা নিয়ম পরিবর্তনের তথ্য শুধুমাত্র আরবিআই-এর নিজস্ব ওয়েবসাইট (www.rbi.org.in) এবং অফিসিয়াল নোটিশ থেকে যাচাই করা উচিত। যেকোনো মুখরোচক বা বিভ্রান্তিকর বার্তায় আস্থা না রেখে সতর্ক থাকার জন্য গ্রাহকদের বিশেষ অনুরোধ করা হয়েছে।