দুর্গাপুরে বিজেপি কর্মী খুনে অভিযুক্তদের অবৈধ নির্মাণ ভাঙল প্রশাসন, বিধায়ক বললেন ‘পঞ্চায়েতের নিয়ম’

দুর্গাপুরের জব্বরপল্লিতে বিজেপি কর্মী শ্যাম দাস খুনের ঘটনায় অভিযুক্ত দুই ভাই বিজয় নন্দী ও অজয় নন্দীর বাড়ি বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয়েছে। সোমবার বিকেলে পুলিশ ও প্রশাসনের উপস্থিতিতে এই উচ্ছেদ অভিযান চালানো হয়। বাড়ি ভাঙার আগে বাড়ির সমস্ত আসবাবপত্র বের করে দেওয়া হয়। এই সময় স্থানীয় দুই ব্যক্তি প্রতিবাদ জানালে পুলিশ তাঁদের আটক করে থানায় নিয়ে যায়।
প্রশাসন সূত্রে জানানো হয়েছে, বাড়ি তৈরির বৈধ অনুমতি বা প্ল্যান না থাকায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। দুর্গাপুর-ফরিদপুর ব্লকের বিডিও দেবদীপ বৈরাগী জানান, গত ১২ নভেম্বর অভিযুক্তদের নোটিস দিয়ে প্রয়োজনীয় কাগজপত্র জমা দিতে বলা হয়েছিল। নির্দিষ্ট সময়ের মধ্যে বৈধ নথি দেখাতে ব্যর্থ হওয়ায় এই নির্মাণ ভেঙে ফেলা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, ভবিষ্যতে সরকারি জমি দখল করে থাকা অন্যান্য বাড়ির বিষয়েও সরকারি নির্দেশ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
প্রসঙ্গত, গত ১০ নভেম্বর কালীপুজোর বিসর্জনের রাতে জমি সংক্রান্ত বিবাদের জেরে শ্যাম দাসকে লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে খুনের অভিযোগ ওঠে। এই ঘটনায় অভিযুক্ত বিজয় নন্দী, অজয় নন্দী ও প্রসূন পাণ্ড বর্তমানে জেল হেফাজতে রয়েছেন। ঘটনার পর মুখ্যমন্ত্রী মৃত শ্যাম দাসের পরিবারকে ১০ লক্ষ টাকা আর্থিক ক্ষতিপূরণ এবং তাঁর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেছেন। স্থানীয় বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি জানিয়েছেন, বাড়ি ভাঙার নির্দেশের সঙ্গে তাঁর কোনো যোগ নেই, পঞ্চায়েতের নিয়ম মেনেই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।