দীপাবলির পর ভয়াবহ দূষণ, বিশ্বের বিষাক্ততম শহর এখন এটি! – বর্তমান বাংলা

নিরাপদ মাত্রার ২২ গুণ বেশি দূষণ: বিশ্বের অন্যতম দূষিত শহর লোনি
নিজস্ব প্রতিবেদক:
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (WHO) নির্ধারিত নিরাপদ মাত্রার তুলনায় ২২ গুণ বেশি বায়ুদূষণের কবলে পড়েছে উত্তরপ্রদেশের লোনি শহর। সুইজারল্যান্ডভিত্তিক আন্তর্জাতিক পর্যবেক্ষণ সংস্থা ‘আইকিউএয়ার’ (IQAir)-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুযায়ী, গত এক বছরে লোনিতে পিএম২.৫ (PM2.5)-এর গড় ঘনত্ব রেকর্ড করা হয়েছে ১১২.৫ মাইক্রোগ্রাম প্রতি ঘনমিটার। অথচ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মানদণ্ড অনুযায়ী, বাতাসে এই সূক্ষ্ম ধূলিকণার মাত্রা ৫ মাইক্রোগ্রামের বেশি হওয়া উচিত নয়। বিশ্বের অন্যতম দূষিত ২০টি শহরের তালিকায় আনুষ্ঠানিকভাবে জায়গা করে নিয়েছে লোনি।
বিশেষজ্ঞদের মতে, ভৌগোলিক অবস্থান এবং অপরিকল্পিত পরিকাঠামোর কারণে শহরটি বর্তমানে এক ‘গ্যাসচেম্বার’-এ পরিণত হয়েছে। লোনি তথা সংলগ্ন এলাকার বাতাস বিষাক্ত হয়ে ওঠার পেছনে ১০টি প্রধান কারণ চিহ্নিত করা হয়েছে:
১. শিল্পাঞ্চল ও ধাত গলানোর ভাট্টি: আবাসিক এলাকায় ছোট ছোট কলকারখানা ও ধাত গলানোর ভাটি থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক ধোঁয়া।
২. অনুন্নত রাস্তা: ভাঙাচোরা রাস্তা ও অত্যধিক ধুলোবালি।
৩. অনিয়ন্ত্রিত নির্মাণকাজ: দিল্লি, গাজিয়াবাদ ও বাগপতের সংযোগস্থলে বছরব্যাপী চলা আবাসন ও পরিকাঠামো নির্মাণ।
৪. ভারী যানবাহন: ইস্টার্ন এক্সপ্রেসওয়ে ও দিল্লি-দেরাদুন হাইওয়ের কারণে নিরন্তর ভারী ট্রাক ও যানবাহনের ধোঁয়া।
৫. বর্জ্য পোড়ানো: সুষ্ঠু অপসারণ ব্যবস্থার অভাবে খোলা জায়গায় প্লাস্টিক ও শিল্প বর্জ্য পোড়ানো।
৬. ইটভাটা: পার্শ্ববর্তী অঞ্চলে শত শত ইটভাটার ধোঁয়া ও মাটি কাটার ধুলো।
৭. খড় পোড়ানো: শীতের শুরুতে পাঞ্জাব, হরিয়ানা ও উত্তরপ্রদেশের গ্রামীণ এলাকায় খড় পোড়ানোর ধোঁয়া।
৮. ভৌগোলিক ও আবহাওয়াগত কারণ: যমুনা নদীর তীরে অবস্থিত হওয়ায় শীতকালীন আর্দ্রতায় দূষিত কণাগুলো বাতাসে আটকে থাকা।
৯. রাসায়নিক বিক্রিয়া: বাতাসে থাকা সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড ও অ্যামোনিয়ার সঙ্গে পিএম২.৫-এর বিক্রিয়ায় নতুন বিষাক্ত স্তর সৃষ্টি।
১০. আঞ্চলিক প্রভাব: দিল্লি ও এনসিআর অঞ্চলের সামগ্রিক দূষণের সরাসরি প্রভাব।
চিকিৎসকদের সতর্কবার্তা অনুযায়ী, বাতাসে ভাসমান এই বিষাক্ত ধূলিকণার মাত্রা যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের ফুসফুসে ক্যানসার ও মারাত্মক হৃদরোগের ঝুঁকি বহুগুণ বেড়ে গেছে।
এদিকে, সামগ্রিক দিল্লি-এনসিআর অঞ্চলের পরিস্থিতিও অত্যন্ত উদ্বেগজনক। সরকারি পরিসংখ্যানে সোমবার দিল্লির বায়ুর গুণমান সূচক (AQI) ৪৮৩ রেকর্ড করা হলেও, ‘আইকিউএয়ার’-এর তথ্য অনুযায়ী, শাহদারা ও দক্ষিণ দিল্লির ডিফেন্স কলোনির মতো এলাকায় একিউআই ১,০০০-এর ঘর ছাড়িয়ে গেছে। প্রশাসনের পক্ষ থেকে পরিস্থিতি নিয়ন্ত্রণে নানা উদ্যোগ নেওয়া হলেও দূষণের প্রবল প্রকোপে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।