দীপাবলির আগে বড় সাফল্য, মানিকচক পুলিশের জালে ২০০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি! – বর্তমান বাংলা

মানিকচকে পুলিশের অভিযানে উদ্ধার বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি
নিজস্ব প্রতিবেদক, মানিকচক: আসন্ন দীপাবলি উৎসবের প্রাক্কালে নিষিদ্ধ শব্দবাজির বিরুদ্ধে বিশেষ অভিযান চালাল মানিকচক থানার পুলিশ। অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করা হয়েছে, যা ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, মানিকচক থানার আইসি সূর্যদীপ্ত ভট্টাচার্যের নেতৃত্বে আজ এই অভিযান চালানো হয়। অভিযানে প্রায় ২০০ প্যাকেট নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত করেছে পুলিশ। উদ্ধার হওয়া শব্দবাজিগুলোর আনুমানিক বাজারমূল্য কয়েক হাজার টাকা বলে জানা গেছে। তবে এই ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে আরও জানানো হয়েছে, দীপাবলি উৎসবকে সামনে রেখে শব্দদূষণ রোধ এবং নিষিদ্ধ বাজি বিক্রি ও ব্যবহার রুখতে বিশেষ তৎপরতা নেওয়া হয়েছে। শান্তিপূর্ণ দীপাবলি নিশ্চিত করতে বিভিন্ন এলাকায় পুলিশের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে। পুলিশের এই কঠোর অবস্থানের ফলে অসাধু বাজি বিক্রেতাদের মধ্যে ব্যাপক সতর্কতা তৈরি হয়েছে। তদন্ত চলছে বলে পুলিশ জানিয়েছে।