দিল্লি থেকে ফেরার পথে অভিষেক, ভবানী ভবনে কি আজই হাজিরা?
দিল্লি থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা হয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার বিকেল নাগাদ তাঁর কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। বিধানসভায় সই জাল কাণ্ডের তদন্তে কলকাতা হাইকোর্ট তাঁকে আজ সন্ধ্যা ৬টার মধ্যে ভবানী ভবনে সিআইডি দপ্তরে হাজিরা দেওয়ার নির্দেশ দিয়েছে। আদালতের নির্দেশ অনুযায়ী হাজিরা দেওয়ার সময়সীমা আজই শেষ হচ্ছে।
হাইকোর্ট এই মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তদন্তে সহযোগিতা করার নির্দেশ দিলেও আগামী ১৪ দিনের জন্য তাঁকে কোনো গ্রেফতার করা যাবে না বলে অন্তর্বর্তীকালীন সুরক্ষাকবচ দিয়েছে। তবে হাজিরার সময়সীমা নিয়ে কোনো ছাড় দেওয়া হয়নি। সিআইডির একাধিক তলব সত্ত্বেও এতদিন তিনি হাজিরা এড়িয়ে গেলেও, আদালতের নির্দেশের পর আজ বিকেলের মধ্যে তিনি সিআইডি দপ্তরে পৌঁছাবেন কি না, তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক কৌতূহল তৈরি হয়েছে।
এদিকে, এই পরিস্থিতির মধ্যেই অভিষেকের মামলা থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন প্রবীণ আইনজীবী ও তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। অভিষেকের আচরণে ‘ঔদ্ধত্য’ রয়েছে বলে মন্তব্য করে তিনি নিজের ক্ষোভ প্রকাশ করেছেন। সিআইডির কড়া নির্দেশ এবং দলের অন্দরে তৈরি হওয়া এই অস্বস্তিকর আবহ ও মতপার্থক্যের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আজকের সম্ভাব্য হাজিরাকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।