দাপুটে পুষ্পা এবার ভিজে বেড়াল, ত্রাস জাহাঙ্গিরকে হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় ঘোরাল পুলিশ!
ফলতায় অপরাধী জাহাঙ্গির খানকে নিয়ে পুলিশের ক্রাইম রিকনস্ট্রাকশন: রাস্তায় হাঁটালেন সাদা টি-শার্ট ও হাফপ্যান্ট পরিয়ে
কলকাতা: অপরাধের ঘটনামূলক পুনর্নিমাণ (ক্রাইম রিকনস্ট্রাকশন) করানোর লক্ষ্যে দাপুটে তৃণমূল নেতা জাহাঙ্গির খানকে সাদা টি-শার্ট ও হাফপ্যান্ট পরিয়ে নিজের এলাকা ফলতার রাস্তায় ঘোরাল পুলিশ। একসময়ের প্রভাবশালী এই নেতা গত ৮ জুন নেপাল সীমান্ত থেকে রাজ্য পুলিশের স্পেশ্যাল টাস্ক ফোর্সের (এসটিএফ) হাতে গ্রেফতার হন। দীর্ঘ সময় বেপাত্তা থাকার পর পুলিশের জালে ধরা পড়ার পর, আজ তাকে এই অবস্থায় রাস্তায় হাঁটাতে এলাকা জুড়ে সাধারণ মানুষের ভিড় জমে যায়।
রাজ্য পুলিশ এর আগেও এই কায়দায় অভিযুক্তদের শায়েস্তা করতে পদক্ষেপ নিয়েছে। অতীতে উত্তর হাওড়ার আকাশ সিং, তৃণমূল কাউন্সিলরের স্বামী শামিম আহমেদ, এক হোমগার্ড এবং কাঁচরাপাড়ার যুব তৃণমূল সভাপতি অভিজিৎ রায় ওরফে বনিকেও একইরূপে কোমরে দড়ি বেঁধে বা হাফপ্যান্ট পরিয়ে রাস্তায় হাঁটিয়েছিল পুলিশ। সেই একই পদ্ধতিতে এবার ফলতার জাহাঙ্গির খানকেও জনসমক্ষে এনে তার অপরাধমূলক কর্মকাণ্ডের ঘটনার পুনর্নিমাণ করানো হলো।