দক্ষিণেশ্বরেও এবার রিল শুট! নিয়ম মেনে ভিডিও বানাতে পারবেন ভ্লগাররা – বর্তমান বাংলা

দক্ষিণেশ্বরেও এবার রিল শুট! নিয়ম মেনে ভিডিও বানাতে পারবেন ভ্লগাররা – বর্তমান বাংলা

কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য দক্ষিণেশ্বর মন্দিরের দরজা খুলল কর্তৃপক্ষ

নিজস্ব প্রতিবেদন: কালীপুজোর প্রাক্কালে প্রথমবারের মতো কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য বিশেষ সুযোগ প্রদান করল দক্ষিণেশ্বর মন্দির কর্তৃপক্ষ। ভূত চতুর্দশী তথা কালীপুজোর আগের দিন, অর্থাৎ শনিবার মন্দির চত্বরে ভিডিও শ্যুটের অনুমতি দেওয়া হয়েছে।

মন্দির সূত্রে খবর, ডিজিটাল কন্টেন্ট ক্রিয়েটর, ভ্লগার, ইউটিউবার এবং পেশাগত আলোকচিত্রী ও ভিডিওগ্রাফারদের এই বিশেষ সুযোগ দেওয়া হয়েছে। শনিবার একদিনের জন্যই এই ব্যবস্থা কার্যকর থাকবে। মন্দির কর্তৃপক্ষ জানিয়েছে, গর্ভগৃহ থেকে নাটমন্দির পর্যন্ত পুরো এলাকাতেই ক্যামেরা ও মোবাইল ব্যবহার করে শ্যুটিং করা যাবে। তবে শ্যুটিংয়ের ক্ষেত্রে সময়সীমা ও শৃঙ্খলা বজায় রাখা বাধ্যতামূলক।

আগ্রহী কন্টেন্ট ক্রিয়েটরদের জন্য সময়সূচী নির্ধারণ করা হয়েছে নিম্নরূপ:

  • রেজিস্ট্রেশন: শনিবার দুপুর ১২টার মধ্যে অনলাইনে বাধ্যতামূলকভাবে রেজিস্ট্রেশন সম্পন্ন করতে হবে। রেজিস্ট্রেশন ছাড়া প্রবেশাধিকার থাকবে না।
  • রিপোর্টিং: বিকেল ৩টা ৩০ মিনিট।
  • প্রস্তুতি পর্ব: বিকেল ৫টা ৩০ মিনিট থেকে ক্যামেরা ও আলোকসজ্জার সেটআপ শুরু হবে।
  • শুটিংয়ের সময়: সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত।

কর্তৃপক্ষের জারি করা নির্দেশিকায় স্পষ্ট বলা হয়েছে, মন্দিরে প্রবেশের সময় প্রত্যেকের কাছে নিজস্ব আসল পরিচয়পত্র থাকা আবশ্যক। এছাড়া মন্দিরের পবিত্রতা ও ঐতিহ্য যাতে কোনোভাবেই ক্ষুণ্ণ না হয়, সেদিকে কঠোর নজর রাখতে হবে। প্রতি বছরের মতো এবারও আলোর মালায় সেজে উঠেছে দক্ষিণেশ্বর মন্দির, সেই আলোকোজ্জ্বল পরিবেশ ক্যামেরাবন্দি করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত কন্টেন্ট ক্রিয়েটররা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *