দক্ষিণবঙ্গে দুর্যোগের চরম সতর্কতা, আজ কোন ৯ জেলায় বজ্রবিদ্যুৎসহ ভারী বৃষ্টির পূর্বাভাস? – বর্তমান বাংলা
বর্তমান ডেস্কঃ
সকাল থেকেই মেঘলা আকাশ এবং বৃহস্পতিবারের পর শুক্রবারও রাজ্যজুড়ে কাটছে না দুর্যোগের মেঘ। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, মধ্যপ্রদেশে সরে যাওয়া নিম্নচাপের সঙ্গে মৌসুমী ও নিম্নচাপ অক্ষরেখার জোড়াফলায় গাঙ্গেয় পশ্চিমবঙ্গে পরিস্থিতির চরম অবনতি হয়েছে। এর প্রভাবে কলকাতা, হুগলি, দুই ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ এবং ঘণ্টায় ৩০-৪০ কিমি বেগে দমকা হাওয়াসহ অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। রাজ্যবাসীকে সতর্ক করতে জারি করা হয়েছে কমলা সতর্কতা। বিকেলের পর কলকাতায় বৃষ্টি কিছুটা কমলেও সপ্তাহান্তে আবহাওয়ার খুব একটা উন্নতি হচ্ছে না।
অন্যদিকে, বঙ্গোপসাগরের নিম্নচাপটি শক্তি হারিয়ে উত্তরপ্রদেশের দিকে এগোলেও আগামী ২ দিন পুরো দক্ষিণবঙ্গেই হালকা থেকে মাঝারি বর্ষণ অব্যাহত থাকবে। তবে সোমবার থেকে ফের বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির তীব্রতা বৃদ্ধির ইঙ্গিত দিয়েছে হাওয়া অফিস। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, কোচবিহার, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও জারি রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। শনি থেকে মঙ্গলবারের মধ্যে উত্তরবঙ্গের জেলাগুলিতে পৃথক হলুদ সতর্কতা কার্যকর থাকবে। আবহাওয়াবিদদের মতে, বাতাসের নিম্নস্তরে বাংলাদেশ পর্যন্ত বিস্তৃত অক্ষরেখার কারণেই এখনই মিলছে না রোদঝলমলে দিনের স্বস্তি।