ত্রাণচুরির অভিযোগে গ্রেপ্তার প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস!
সরকারি ত্রাণসামগ্রী বেআইনিভাবে মজুত ও আত্মসাতের অভিযোগে রাজ্যের প্রাক্তন কারামন্ত্রী উজ্জ্বল বিশ্বাসকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার কৃষ্ণনগরে তাঁর বাড়ি থেকে বিপুল পরিমাণ ত্রিপল, কম্বল ও সাদা থান-কাপড়সহ বিভিন্ন ত্রাণসামগ্রী উদ্ধারের ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দারা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। উত্তপ্ত পরিস্থিতিতে প্রাক্তন মন্ত্রীকে লক্ষ্য করে ডিম ছোঁড়া হয় এবং তাঁকে ‘চোর’ আখ্যা দিয়ে স্লোগান দেন উত্তেজিত জনতা।
ঘটনার সূত্রপাত মঙ্গলবার সকালে, যখন প্রাক্তন মন্ত্রীর বাড়ির সামনে একটি গাড়িতে সরকারি সামগ্রী তোলা হচ্ছিল। স্থানীয়দের সন্দেহের ভিত্তিতে তল্লাশি চালিয়ে ওই ত্রাণসামগ্রী উদ্ধার করা হয়। উজ্জ্বল বিশ্বাসের দাবি, ইদ উপলক্ষে বিতরণের জন্য এগুলি মজুত ছিল, কিন্তু সরকারি ত্রাণ ব্যক্তিগত বাড়িতে কেন ছিল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ঘটনার পর পুলিশ তাঁকে থানায় নিয়ে গিয়ে জিজ্ঞাসাবাদ করে এবং রাতেই গ্রেপ্তার করে। ত্রাণসামগ্রীগুলি সরকারি কি না এবং তা পাচারের কোনো উদ্দেশ্য ছিল কি না, তা নিয়ে তদন্ত চালাচ্ছে পুলিশ।