তৃণমূলের ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজের আর্জি, অরূপের বিস্ফোরক দাবিতে তোলপাড়!
বিধানসভা নির্বাচনে পরাজয়ের পর তৃণমূল কংগ্রেসের অভ্যন্তরীণ কোন্দল চরমে পৌঁছেছে। দলের আর্থিক লেনদেন ও নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করে দলের কোষাধ্যক্ষ ও প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস এইচডিএফসি ব্যাঙ্কের সেন্ট্রাল প্লাজা শাখায় একটি চিঠি দিয়েছেন। গত ১২ জুন পাঠানো ওই চিঠিতে তিনি দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টের সমস্ত ডেবিট লেনদেন অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার আর্জি জানিয়েছেন। ব্যাঙ্ক কর্তৃপক্ষ ১৬ জুন এই চিঠি গ্রহণ করেছে।
চিঠিতে অরূপ বিশ্বাস আশঙ্কা প্রকাশ করেছেন যে, দলের ভেতরে বর্তমান রাজনৈতিক অস্থিরতার কারণে আগে থেকে স্বাক্ষর করা চেকগুলোর অপব্যবহার হতে পারে। তাঁর দাবি, দলের একাংশ বিদ্রোহী হয়ে ওঠায় এবং কর্তৃত্ব নিয়ে টানাপোড়েন শুরু হওয়ায়, এই চেকগুলোর মাধ্যমে মোটা অঙ্কের টাকা বেআইনিভাবে তুলে নেওয়া হতে পারে। কোনো আইনি বা স্থায়ী সমাধান না হওয়া পর্যন্ত তিনি এই লেনদেন স্থগিত রাখার অনুরোধ জানিয়েছেন। দলের শীর্ষ নেতৃত্বের নিয়ন্ত্রণ ও আস্থার অভাবের বিষয়টি এই ঘটনায় স্পষ্ট হয়ে ওঠায় রাজনৈতিক মহলে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে।