তিহাড়ে ওটস খেয়েই কাটছে মার্কিন সৈনিকের দিন, মুক্তির আশায় মরিয়া পরিবার! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
ভারতের উত্তর-পূর্বাঞ্চলে আলাদা ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ষড়যন্ত্রের অভিযোগে গত মার্চে দমদম বিমানবন্দর থেকে গ্রেপ্তার হওয়া মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইক বর্তমানে দিল্লির তিহার জেলে বন্দি। জেলের অতিরিক্ত তেলমশলাযুক্ত খাবার এড়িয়ে তার দিন কাটছে ওটস খেয়ে। জেলের অন্দরে তার এই খাদ্যাভ্যাস বদলের পাশাপাশি এবার দেশে ফেরার তোড়জোড় শুরু হয়েছে। তার মুক্তির দাবিতে ইতিমধ্যেই মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছে ম্যাথুর পরিবার। সোশাল মিডিয়ায় পোস্ট করে জানানো হয়েছে, তিহারে তাকে ন্যূনতম অধিকার থেকে বঞ্চিত করে নির্জন কারাবাসে রাখা হয়েছে। কূটনৈতিক হস্তক্ষেপের মাধ্যমে তাকে দ্রুত দেশে ফিরিয়ে নেওয়ার জোরালো আর্জি জানানো হয়েছে আমেরিকার কাছে।
গত ১২ মার্চ জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) হাতে গ্রেপ্তারের পর থেকেই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত ম্যাথু ও তার সঙ্গীরা টুরিস্ট ভিসায় ভারতে প্রবেশ করে আসাম ও মিজোরামসহ বিভিন্ন রাজ্যে যাতায়াত করেছিলেন। শুধু তাই নয়, ভারতকে অস্থিতিশীল করতে বিভিন্ন জঙ্গি সংগঠনকে প্রশিক্ষণ দেওয়ার গুরুতর অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। এর আগে বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রীও তার এই ষড়যন্ত্র নিয়ে সতর্ক করেছিলেন। বর্তমানে মার্কিন রাষ্ট্রদূতের মাধ্যমে এই বন্দিদশার বিষয়টি ভারত সরকারের উচ্চপর্যায়ে জানানো হয়েছে। কঠোর আইনি লড়াইয়ের মুখে থাকা এই অভিযুক্ত মার্কিন নাগরিকের কূটনৈতিক ভবিষ্যৎ এখন কোন দিকে মোড় নেয়, সেটাই দেখার।