তিন বছর পর বিরল সুযোগ! শুক্র প্রদোষ ব্রতে শিব আরাধনায় খুলবে ভাগ্যের দুয়ার
তিন বছর পর ফিরে আসা জ্যৈষ্ঠ অধিক মাস বা মলমাসের কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে পালিত হতে যাচ্ছে বিশেষ ‘শুক্র প্রদোষ ব্রত’। শুক্রবার এই বিশেষ তিথিটি পড়ায় একে বিরল ধর্মীয় সংযোগ হিসেবে বিবেচনা করছেন ধর্মীয় বিশেষজ্ঞরা। পঞ্জিকা অনুসারে, ১২ জুন সন্ধ্যা ৭টা ৩৬ মিনিটে ত্রয়োদশী তিথি শুরু হচ্ছে এবং ১৩ জুন বিকেল ৪টে ৭ মিনিটে তা সমাপ্ত হবে। শাস্ত্রীয় বিধান অনুযায়ী, সূর্যাস্তের পরবর্তী প্রদোষ কালেই এই ব্রত পালনের নিয়ম থাকায় আগামী ১২ জুনই দেশজুড়ে এই বিশেষ পুজো অনুষ্ঠিত হবে। মহাদেবের আশীর্বাদ লাভের জন্য এদিন সন্ধ্যা ৭টা ৩৬ মিনিট থেকে রাত ৯টা ২০ মিনিট পর্যন্ত সময়কে সবচেয়ে শুভ মাহেন্দ্রক্ষণ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
নির্ধারিত পুজো পদ্ধতি অনুযায়ী, এদিন ভোরে স্নান সেরে ব্রতের সংকল্প নিয়ে শিবলিঙ্গ বা শিব পরিবারের মূর্তির অভিষেক ও আরাধনা করতে হবে। গঙ্গাজল ও পঞ্চামৃত দিয়ে অভিষেকের পর বেলপাতা, ধুতুরা, শমী পাতা, সাদা চন্দন ও হলুদ ফুল নিবেদন করে শিব চালিশা পাঠ ও আরতি সম্পন্ন করার নিয়ম রয়েছে। শাস্ত্রীয় বিশ্বাস অনুযায়ী, মলমাসের এই বিরল শুক্র প্রদোষ ব্রত নিষ্ঠাভরে পালন করলে পারিবারিক ও দাম্পত্য জীবনে সুখ-শান্তি ফেরে এবং আর্থিক অনটনসহ কোষ্ঠীর নানা অশুভ দশা থেকে মুক্তি পাওয়া সম্ভব।