তাসের ঘরের মতো ভাঙল তৃণমূল, ভাঙড়ে কি এবার আইএসএফের রাজ!
একদা তৃণমূল কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত ভাঙড় ১ নম্বর ব্লকের রাজনৈতিক সমীকরণে বড় ধরণের পরিবর্তন দেখা দিয়েছে। শাকশহর, প্রাণগঞ্জ ও বোদরার পর এবার জাগুলগাছি পঞ্চায়েতটিও তৃণমূলের হাত থেকে আইএসএফের (ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট) দখলে চলে গেল। জাগুলগাছি পঞ্চায়েতের মোট ২৮ জন সদস্যের মধ্যে ২৫ জনই তৃণমূল ছেড়ে আইএসএফে যোগ দিয়েছেন। এই দলবদলের ফলে ভাঙড় ১ নম্বর ব্লকের ৯টি গ্রাম পঞ্চায়েতের ওপর শাসকদলের একচ্ছত্র আধিপত্য কার্যত শেষ হয়ে গেছে।
দলবদলের পর তসলিমা বিবিকে প্রধান এবং অপর্ণা সর্দারকে উপপ্রধান হিসেবে পুনরায় নির্বাচিত করা হয়েছে, যারা ইতিপূর্বে তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছিলেন। আইএসএফ নেতৃত্বের অভিযোগ, ২০২৩ সালের পঞ্চায়েত নির্বাচনে জোরপূর্বক বিরোধীদের মনোনয়ন জমা দিতে বাধা দেওয়ার ফলেই তৃণমূল সব কটি পঞ্চায়েতে জয়ী হয়েছিল। তবে রাজ্যে রাজনৈতিক সমীকরণ বদলের সাথে সাথে সেই নিয়ন্ত্রণ এখন ভেঙে পড়েছে। এদিকে, বিজেপি দলত্যাগী সদস্যদের দলে না নেওয়ায় আইএসএফ এই সুযোগকে কাজে লাগিয়ে এলাকায় নিজেদের সাংগঠনিক ভিত্তি ও জনভিত্তি আরও সুদৃঢ় করেছে।