তারেক রহমানের ঐতিহাসিক শপথ: তিন দশক পর পুরুষ প্রধানমন্ত্রী পেল বাংলাদেশ

মঙ্গলবার জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় বাংলাদেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁকে শপথবাক্য পাঠ করান। এর মাধ্যমে দীর্ঘ প্রায় তিন দশক পর কোনো পুরুষ রাষ্ট্রনেতা পেল ঢাকা। ২০ বছর পর ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পেয়ে পুনরায় সরকার গঠন করল বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
নতুন এই মন্ত্রিসভায় মোট ৫০ জন সদস্য রয়েছেন, যার মধ্যে ২৫ জন পূর্ণ মন্ত্রী এবং ২৪ জন প্রতিমন্ত্রী। এছাড়াও সরকারে তিনজন টেকনোক্র্যাট মন্ত্রী অন্তর্ভুক্ত হয়েছেন। শপথ অনুষ্ঠান শেষে রাষ্ট্রপতি ও নবনিযুক্ত প্রধানমন্ত্রী একে অপরের সঙ্গে করমর্দন করেন। ঐতিহাসিক এই মুহূর্তের সাক্ষী হতে সংসদ চত্বরে ভিড় করেন হাজারো নেতাকর্মী ও সাধারণ মানুষ।
শপথ অনুষ্ঠানকে কেন্দ্র করে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে রাজধানীজুড়ে। মানিক মিয়া অ্যাভিনিউতে ডিজিটাল ডিসপ্লে ও সাউন্ড বক্সের মাধ্যমে সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করা হয়েছে। বিভিন্ন স্থান থেকে স্লোগান ও মিছিল নিয়ে নেতাকর্মীরা অনুষ্ঠানস্থলে সমবেত হন। অনুষ্ঠান শেষে এক সাংস্কৃতিক সন্ধ্যারও আয়োজন করা হয়েছে।