তরুণ কর্মীদের মুখে হাসি, আজই অ্যাকাউন্টে ঢুকছে ৭৫০০ টাকা!
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বিকেল ৪টায় ‘পিএম বিকশিত ভারত রোজগার যোজনা’-এর অধীনে দেশের তরুণ চাকরিজীবীদের সরাসরি আর্থিক সহায়তা প্রদান করবেন। এই প্রকল্পের আওতায় দেশজুড়ে মোট ২,৪০০ কোটি টাকা স্থানান্তর করা হবে, যা নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং তরুণদের স্বনির্ভর করার লক্ষ্যে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।
যেসব কর্মী ২০২৫ সালের ১ আগস্টের পর প্রথম চাকরিতে যোগদান করেছেন এবং যাঁদের মাসিক বেতন ১ লক্ষ টাকার কম, তাঁরা এই প্রকল্পের সুবিধা পাবেন। যোগ্য কর্মীরা প্রথম কিস্তি হিসেবে পাবেন ৭,৫০০ টাকা। এই সুবিধা পাওয়ার শর্ত হিসেবে কর্মীকে সংশ্লিষ্ট সংস্থায় ন্যূনতম ৬ মাস চাকরির মেয়াদ পূর্ণ করতে হবে এবং নিয়োগকারী সংস্থাকে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশনে (EPFO) নথিভুক্ত হতে হবে। এদিকে, প্রতিটি নতুন কর্মীর জন্য নিয়োগকর্তারাও ৩,০০০ টাকা করে আর্থিক উৎসাহ ভাতা পাবেন। সরকার মনে করছে, কর্মীদের আর্থিক সহায়তা এবং নিয়োগকর্তাদের জন্য বরাদ্দ এই ভাতা নতুন কর্মী নিয়োগে উৎসাহ জোগাবে এবং অসংগঠিত ক্ষেত্রের কর্মসংস্থানকে সরকারি কাঠামোর আওতায় আনতে সাহায্য করবে।