ডিজিটাল প্রতারণা রুখতে আরবিআইয়ের ৯ নতুন নিয়ম: গ্রাহকদের হাতে আসছে আরও নিয়ন্ত্রণ

ডিজিটাল ব্যাঙ্কিংয়ে জালিয়াতি প্রতিরোধ এবং গ্রাহকদের আর্থিক সুরক্ষা আরও মজবুত করতে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (আরবিআই) নয়টি নতুন নিয়ম প্রস্তাব করেছে। এই প্রস্তাবগুলি ‘রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (কমার্শিয়াল ব্যাঙ্কস-রেসপনসিবল বিজনেস কন্ডাক্ট) ফিফথ অ্যামেন্ডমেন্ট ডিরেকশনস, ২০২৬’-এর খসড়ায় রাখা হয়েছে। মূলত গ্রাহকদের মতামত ও ডিজিটাল পেমেন্টের সুরক্ষাব্যবস্থা পর্যালোচনার ভিত্তিতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।
নতুন নিয়মের আওতায় গ্রাহকরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ডিজিটাল পেমেন্ট চ্যানেল চালু বা বন্ধ রাখতে পারবেন। সবচেয়ে গুরুত্বপূর্ণ সংযোজন হলো ‘স্টপ সুইচ’, যার মাধ্যমে সন্দেহজনক লেনদেনের ক্ষেত্রে তাৎক্ষণিকভাবে ডেবিট লেনদেন বন্ধ করা যাবে। এছাড়া, গ্রাহকরা নিজেদের লেনদেনের সর্বোচ্চ সীমা নির্ধারণ করতে পারবেন।
নতুন অ্যাকাউন্ট খোলার ক্ষেত্রেও ডিজিটাল পরিষেবাগুলি শুরুতে বন্ধ থাকবে এবং গ্রাহকের সম্মতির পরেই তা সক্রিয় করা হবে। বড় অঙ্কের লেনদেনের ক্ষেত্রে ‘ট্রাস্টেড পার্সন মেকানিজম’ বা বিশ্বস্ত ব্যক্তির অনুমোদনের ব্যবস্থাও রাখা হয়েছে। তবে এই মনোনীত ব্যক্তি অ্যাকাউন্টের কোনো ব্যক্তিগত তথ্য বা ব্যালেন্স দেখতে পাবেন না। পাশাপাশি, ডেবিট, ক্রেডিট ও প্রিপেড কার্ডের ব্যবহারের ওপরও গ্রাহকের পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে।
ব্যাঙ্কের গাফিলতিতে কোনো প্রতারণা হলে সংশ্লিষ্ট ব্যাঙ্কের দায়বদ্ধতাও এই নতুন নিয়মে স্পষ্ট করা হয়েছে। গ্রাহকরা ব্যাঙ্কের শাখা, এটিএম, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল অ্যাপ এবং আইভিআর পরিষেবার মাধ্যমে এই সুবিধাগুলি ব্যবহার করতে পারবেন। কোনো নিয়ন্ত্রণ ব্যবস্থা পরিবর্তন বা স্টপ সুইচ ব্যবহারের ক্ষেত্রে গ্রাহককে তাৎক্ষণিকভাবে এসএমএস ও ইমেলের মাধ্যমে জানানো হবে। ব্যাঙ্কগুলিকে এই সমস্ত অনুরোধ ও অডিট লগ নিরাপদে সংরক্ষণ করতে হবে এবং গ্রাহকদের নিয়মিত সচেতন করতে হবে।