ট্রেনে মদ নিয়ে যাত্রা: কী বলছে রেলের আইন, জেনে নিন খুঁটিনাটি

ট্রেনে মদ্যপান বা মদ বহন করা নিয়ে সাধারণ যাত্রীদের মধ্যে প্রায়শই বিভ্রান্তি দেখা যায়। রেলওয়ে আইনের ১৬৫ নম্বর ধারা রেল আধিকারিকদের সন্দেহজনক বা বেআইনি জিনিসপত্র তল্লাশি করার পূর্ণ অধিকার দেয়। তবে এই ধারায় দেশজুড়ে ট্রেনে মদ নিয়ে যাওয়ার ওপর কোনো নিষেধাজ্ঞা নেই।
এই ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আপনি যে রাজ্যে যাতায়াত করছেন, সেখানকার আবগারি আইন। গুজরাট, বিহার, নাগাল্যান্ড ও লক্ষদ্বীপের মতো যেসব অঞ্চলে মদ্যপান বা পরিবহনের ওপর নিষেধাজ্ঞা রয়েছে, সেখানে মদ নিয়ে প্রবেশ করলে আইনি জটিলতা সৃষ্টি হতে পারে। যেসব রাজ্যে মদ নিষিদ্ধ নয়, সেখানেও সিল করা বোতল বহন করা এবং অনুমোদিত সীমার মধ্যে থাকা জরুরি। ব্যক্তিগত ব্যবহারের জন্য মদ বহন করা গেলেও, বিক্রির উদ্দেশ্যে পরিবহন করা আইনত দণ্ডনীয়। রাজ্যের আবগারি নিয়মের বাইরে কোনো কিছু পাওয়া গেলে রেল কর্তৃপক্ষ ব্যবস্থা নিতে পারে।
ট্রেনে মদ্যপান করা বা নেশাগ্রস্ত অবস্থায় অন্য যাত্রীদের বিরক্ত করা গুরুতর অপরাধ। রেলওয়ে আইনের ১৪৫ নম্বর ধারা অনুযায়ী, মত্ত অবস্থায় খারাপ আচরণ বা রেল চত্বরে বিশৃঙ্খলা সৃষ্টি করলে জরিমানা ও কারাদণ্ডের বিধান রয়েছে। অপরাধের মাত্রা অনুযায়ী সর্বোচ্চ ছ’মাস পর্যন্ত জেল এবং ১,০০০ টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। তাই ট্রেন যাত্রার আগে গন্তব্যস্থলের আইন সম্পর্কে সচেতন থাকা প্রয়োজন, কারণ সিল করা বোতল থাকলেই যে কোনো সমস্যা হবে না, এমনটা ভাবা ভুল।