টিনের চালে ৩৫ বছর ধরে পূজিত হচ্ছেন ৬ দেবী, অলৌকিক এই মন্দিরের খোঁজ জানেন? – বর্তমান বাংলা

অভাবের সংসারে মানত পূরণ: শান্তিপুরে এক মণ্ডপে ছয় শ্যামা কালীর আরাধনা
শান্তিপুর: চরম আর্থিক অনটন ও শোকের ছায়া সত্ত্বেও ভক্তি আর নিষ্ঠার অনন্য নজির তৈরি করলেন শান্তিপুরের নাথ পরিবার। পরিবারের প্রবীণ কর্তা সুধীন নাথের মানত পূরণ করতে এবার এক মণ্ডপে পূজিত হলেন ছয়টি শ্যামা কালী প্রতিমা।
জানা গেছে, সুধীন নাথের পূর্বপুরুষরা অবিভক্ত বাংলাদেশের ফরিদপুরের পাংশায় এই পুজোর সূচনা করেছিলেন, যার বয়স শতবর্ষেরও বেশি। দেশভাগের পর পরিবারটি শান্তিপুরে স্থায়ী হন এবং গত ৩০-৩৫ বছর ধরে নিষ্ঠার সঙ্গে শ্যামা কালীর পুজো চালিয়ে আসছেন।
সুধীনবাবু জানান, দেড় বছর আগে তাঁর এক ছেলের অকাল মৃত্যু হয়। সেই শোকের দহন এবং সমগ্র পরিবারের মঙ্গলের কামনায় তিনি পাঁচটি অতিরিক্ত কালীপুজোর মানত করেছিলেন। সেই মানত পূরণ করতেই এবার গোপালপুর থেকে ট্রলি ভ্যানে করে পাঁচটি প্রতিমা এনে মূল প্রতিমার সঙ্গেই স্থাপন করা হয়েছে।
হকারি করে সংসার চালানো সুধীনবাবু ও তাঁর পরিবারের আর্থিক অবস্থা অত্যন্ত শোচনীয়। পরিবারের সদস্যরা জানান, সামান্য টিনের চালার নিচে জায়গার অভাবে আত্মীয়স্বজনদের বসাতেও হিমশিম খেতে হচ্ছে তাঁদের। পরিবারের বধূ চম্পা নাথ বলেন, “খুব খারাপ লাগছে জায়গা দিতে পারছি না বলে, কিন্তু মা এসেছেন, তিনিই সব ব্যবস্থা করে দেবেন।”
অভাবের কারণে ছয়টি প্রতিমার জন্য আলাদা পুরোহিত নিয়োগ করা সম্ভব ছিল না। পরিবারের কাতর আবেদনে সাড়া দিয়ে শান্তিপুর ২ নম্বর রেলগেটের পুরোহিত ভাস্কর অধিকারী এগিয়ে আসেন। তিনি একাই টানা আট ঘণ্টা নিষ্ঠার সঙ্গে প্রথমে মানতের পাঁচটি এবং শেষে মূল শ্যামা কালীর পুজো সম্পন্ন করেন। দুঃসহ দারিদ্র্য ও ব্যক্তিগত শোককে ছাপিয়ে এই পরিবারের ভক্তি ও নিষ্ঠা স্থানীয় মানুষের নজর কেড়েছে।