টিউনিশিয়াকে ৫-১ গোলে উড়িয়ে বিশ্বকাপের শীর্ষে সুইডেন!
২০২৬ ফিফা বিশ্বকাপের গ্রুপ ‘এফ’-এর প্রথম ম্যাচে তিউনিসিয়াকে ৫-১ গোলের বড় ব্যবধানে পরাজিত করেছে সুইডেন। মন্টেইরি স্টেডিয়ামে অনুষ্ঠিত এই ম্যাচে শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলে সুইডিশরা। ম্যাচের সপ্তম মিনিটে ইয়াসিন আয়ারির গোলের পর ৩০ মিনিটে দলের ব্যবধান দ্বিগুণ করেন আলেকজান্ডার ইশাক। ৪২ মিনিটে তিউনিসিয়ার উমর রেকিক একটি গোল পরিশোধ করলেও দ্বিতীয়ার্ধে সুইডেন আরও আক্রমণাত্মক হয়ে ওঠে।
ম্যাচের ৫৯ মিনিটে ভিক্টর গিওকারেস গোল করার পর বদলি হিসেবে নেমে ১৬ সেকেন্ডের মাথায় দলের চতুর্থ গোলটি করেন মাতিয়াস সভ্যানবার্গ। এরপর ম্যাচের যোগ করা সময়ের পঞ্চম মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করে ৫-১ ব্যবধানের জয় নিশ্চিত করেন আয়ারি। এই জয়ের ফলে গ্রুপ ‘এফ’-এ শীর্ষস্থানে উঠে এসেছে সুইডেন। একই গ্রুপের অপর ম্যাচে নেদারল্যান্ডস ও জাপান ২-২ গোলে ড্র করায় গোলপার্থক্যে এগিয়ে থেকে গ্রুপে নিজেদের অবস্থান শক্ত করেছে সুইডিশরা।