টালা ব্রিজের নিচে পাইপলাইন বিভ্রাট, উত্তর থেকে দক্ষিণ কলকাতায় তীব্র জলসঙ্কট

টালা ব্রিজের নিচে ব্রিটিশ আমলের প্রধান পাইপলাইনে ফাটল ধরায় উত্তর, মধ্য ও দক্ষিণ কলকাতার বিস্তীর্ণ এলাকায় পানীয় জলের তীব্র সঙ্কট দেখা দিয়েছে। সোমবার থেকে শুরু হওয়া এই সমস্যায় শহরের একাধিক এলাকায় জল সরবরাহ পুরোপুরি বন্ধ রয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কলকাতা পুরসভা বিকল্প পথে জল সরবরাহের উদ্যোগ নিয়েছে। টালা সেতু ও মন্মথ গাঙ্গুলি স্ট্রিটের সংযোগস্থলে ১২০০ মিলিমিটারের একটি পাইপলাইনকে ১৮০০ মিলিমিটারের মূল পাইপলাইনের সঙ্গে যুক্ত করার কাজ শুরু হয়েছে। তবে শুক্রবারের আগে পরিস্থিতি স্বাভাবিক হওয়ার সম্ভাবনা কম বলে পুরসভা সূত্রে জানা গিয়েছে।
পাইপলাইন মেরামতির কাজের জন্য বুধবার বেলগাছিয়া, তারাশঙ্কর সরণি ও সংলগ্ন এলাকায় জল সরবরাহ সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। এছাড়া সোনাগাছি লেন, দুর্গাচরণ মিত্র স্ট্রিট, বাগবাজার, শোভাবাজার, এন্টালি, গিরিশ পার্ক, বালিগঞ্জ ও কসবার মতো এলাকাগুলিতেও জলের চাপ মারাত্মকভাবে কমেছে। পুরসভার দাবি, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে জলের ট্যাঙ্কার পাঠানো হচ্ছে এবং জরুরি প্রয়োজনে হেল্পলাইন নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে। তবে অনেক বাসিন্দার অভিযোগ, চাহিদার তুলনায় ট্যাঙ্কারের সংখ্যা অপ্রতুল।
পুরকর্মীরা জানিয়েছেন, ঘটনাস্থল জলমগ্ন থাকায় ফাটলটি সঠিকভাবে চিহ্নিত করা কঠিন হয়ে পড়েছে। বিকল্প লাইনের কাজ শেষ হলে ক্ষতিগ্রস্ত পাইপলাইনটি জলশূন্য করে মেরামতির কাজ শুরু করা হবে। পুরসভার তরফে বাসিন্দাদের পানীয় জল সংরক্ষণ করে রাখার এবং অপচয় এড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে। পাইপলাইনের কাজ শেষ হলেই সংশ্লিষ্ট এলাকাগুলিতে স্বাভাবিক জল সরবরাহ পুনরায় চালু করা সম্ভব হবে বলে পুর কর্তৃপক্ষ জানিয়েছে।