টানা তৃতীয়বার রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, অভিনন্দনে ভাসলেন মোদি-খাড়গে!
টানা তৃতীয়বারের মতো রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান পদে নির্বাচিত হলেন প্রবীণ সাংবাদিক ও রাজনীতিক হরিবংশ নারায়ণ সিং। শুক্রবার এই পদে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় পুনর্নির্বাচিত হন। গত ৯ এপ্রিল তাঁর পূর্ববর্তী মেয়াদের সময়কাল শেষ হওয়ার পর পদটি শূন্য ছিল। কেন্দ্রীয় মন্ত্রী ও বিজেপির সংসদীয় দলনেতা জেপি নাড্ডার প্রস্তাব অনুযায়ী, সর্বসম্মতভাবে তাঁকে ফের এই দায়িত্ব অপর্ণ করা হয়েছে। এর মাধ্যমে তিনি রাজ্যসভার ইতিহাসে নতুন রেকর্ড গড়লেন।
হরিবংশ নারায়ণ সিং প্রথম মনোনীত সদস্য হিসেবে এই উচ্চ আসনে অধিষ্ঠিত হয়েছেন। তাঁর এই পুনর্নির্বাচনকে সংসদের প্রতি সদস্যদের আস্থার বহিঃপ্রকাশ হিসেবে অভিহিত করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী তাঁর অভিনন্দন বার্তায় বিগত দিনে হরিবংশের নিরপেক্ষতা ও ভারসাম্য বজায় রেখে সভা পরিচালনার ভূমিকার প্রশংসা করেছেন। বিরোধী দলনেতা মল্লিকার্জুন খাড়গেও তাঁকে শুভেচ্ছা জানিয়েছেন। শাসক ও বিরোধী উভয় পক্ষের সমর্থন পাওয়ায় তাঁর নেতৃত্বে আগামী দিনে রাজ্যসভার কার্যক্রম ও সংসদীয় মর্যাদা সমুন্নত থাকবে বলে আশা করা হচ্ছে।