টাকা থাকলেও জোম্যাটোতে মিলবে না এই খাবার! কেন এমন সিদ্ধান্ত? – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ
দেশের অন্যতম জনপ্রিয় অনলাইন ফুড ডেলিভারি প্ল্যাটফর্ম জোম্যাটো তাদের অ্যাপে অ্যানালগ ডেয়ারি বা উদ্ভিজ্জ তেল, স্টার্চ ও কৃত্রিম উপাদানে তৈরি নকল পনিরের পদের ওপর সম্পূর্ণ নিষেধাজ্ঞা জারি করেছে। সম্প্রতি দেশের বিভিন্ন রাজ্যে নকল পনির তৈরি ও বিক্রির বিরুদ্ধে কঠোর আইনি পদক্ষেপ নেওয়ার পর এবার এই জিরো টলারেন্স নীতি গ্রহণ করল ফুড অ্যাপটি। এর ফলে প্ল্যাটফর্মে তালিকাভুক্ত থাকা অ্যানালগ পনিরের নানা জনপ্রিয় পদ আর অর্ডার করতে পারবেন না গ্রাহকরা, যা খাদ্যপ্রেমীদের জন্য একটি বড় পরিবর্তন।
এই নতুন নির্দেশিকা কার্যকর করতে রেস্তোরাঁ পার্টনারদের জন্য বেশ কিছু কঠোর শর্ত বেঁধে দেওয়া হয়েছে। এখন থেকে খাবারে শুধুমাত্র আসল দুগ্ধজাত পনির ব্যবহার করতে হবে অথবা তাৎক্ষণিকভাবে এই ধরনের পদ মেনু থেকে সরিয়ে দিতে হবে। সরবরাহকারীদের দেওয়া পণ্যের লেবেলও যাচাই করার নির্দেশ দেওয়া হয়েছে। কোনো রেস্তোরাঁ এই নিয়ম অমান্য করলে তাদের প্ল্যাটফর্ম থেকে চিরতরে বাদ দেওয়া হতে পারে বলে সাফ জানিয়ে দিয়েছে জোম্যাটো।