ঝাড়গ্রামে রহস্যজনক লাল ব্যাগ ঘিরে বোমাতঙ্ক, নিষ্ক্রিয় করতে নিয়ে যাওয়া হল জঙ্গলে

ঝাড়গ্রাম শহরের এক ব্যস্ত রাস্তার পাশে একটি তালাবন্ধ লাল রঙের ব্যাগ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে তীব্র আতঙ্ক ছড়িয়ে পড়ে। ব্যাগটি ঘিরে সন্দেহ দানা বাঁধলে দ্রুত ঝাড়গ্রাম থানায় খবর দেওয়া হয়।

পুলিশ প্রশাসন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিরাপত্তার জন্য এলাকাটি গার্ডরেল ও ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলে। সাধারণ মানুষকে ওই ব্যাগের কাছাকাছি যেতে নিষেধ করা হয় এবং পথচারীদের নিরাপদ দূরত্বে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়।

পরিস্থিতির গুরুত্ব বুঝে বম্ব স্কোয়াডকে খবর পাঠানো হয়। বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে পৌঁছে সতর্কতার সঙ্গে ব্যাগটি পরীক্ষা-নিরীক্ষা শুরু করে। প্রাথমিক তদন্তে জানা যায়, ওই সন্দেহজনক ব্যাগের ভেতরে কোনো বিস্ফোরক দ্রব্য নেই, বরং ধাতু এবং কাচের টুকরো পাওয়া গিয়েছে।

জনবসতিপূর্ণ এলাকা থেকে ঝুঁকি এড়াতে ব্যাগটিকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়। ব্যাগটি পরীক্ষা ও নিষ্ক্রিয় করার জন্য কলাবনীর জঙ্গলে নিয়ে যাওয়া হয়েছে। ব্যস্ত রাস্তায় এমন ব্যাগ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্য তৈরি হয়। সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন প্রান্তে বোমাতঙ্কের ঘটনায় প্রশাসনের উদ্বেগ বাড়লেও, ঝাড়গ্রামের এই ঘটনায় কোনো বিস্ফোরক না মেলায় কিছুটা স্বস্তি ফিরেছে স্থানীয়দের মধ্যে। পুলিশ পুরো বিষয়টি খতিয়ে দেখছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *