ঝাড়গ্রামের প্রশাসনিক মানচিত্রে বড় রদবদল, নবান্নের সিদ্ধান্তে নয়া মোড়! – বর্তমান বাংলা

ঝাড়গ্রামের প্রশাসনিক মানচিত্রে বড় রদবদল, নবান্নের সিদ্ধান্তে নয়া মোড়! – বর্তমান বাংলা

বর্তমান ডেস্কঃ

প্রশাসনিক পুনর্বিন্যাসের মাধ্যমে অবশেষে নিজের ‘পুরনো ঠিকানায়’ ফিরল ঝাড়গ্রাম। সম্প্রতি রাজ্য স্বরাষ্ট্র ও পার্বত্য বিষয়ক দপ্তরের নির্দেশিকা অনুযায়ী, ঝাড়গ্রাম পুলিশ জেলাকে বাঁকুড়া রেঞ্জ থেকে সরিয়ে ফের মেদিনীপুর রেঞ্জের অধীনে আনা হয়েছে। নবান্নের এই সিদ্ধান্তের পর থেকে ঝাড়গ্রাম এখন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি (DIG)-র অধীনে পরিচালিত হবে।

কেন এই পরিবর্তন? ঝাড়গ্রামের ইতিহাস, সংস্কৃতি এবং ভৌগোলিক অবস্থান দীর্ঘদিন ধরেই মেদিনীপুরের সঙ্গে যুক্ত। ভৌগোলিক দিক থেকেও বাঁকুড়া বা পুরুলিয়ার চেয়ে মেদিনীপুর হয়ে ঝাড়গ্রামে যাতায়াত অনেক বেশি সুবিধাজনক। অতীতে প্রশাসনিক পরিবর্তনের সময় ঝাড়গ্রামকে বাঁকুড়া রেঞ্জের অন্তর্ভুক্ত করা হলেও, ভৌগোলিক বাস্তবতার নিরিখে বর্তমান সিদ্ধান্তকেই যুক্তিযুক্ত ও স্বাভাবিক বলে মনে করছে অভিজ্ঞ প্রশাসনিক মহল।

রাজনৈতিক প্রতিক্রিয়া ও বিতর্ক: নবান্নের এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার তথা বিজেপি নেত্রী ভারতী ঘোষ। ঝাড়গ্রামকে মেদিনীপুর থেকে আলাদা করার তৎকালীন সিদ্ধান্তকে “দুই সন্তানকে বিচ্ছিন্ন করার মতো অযৌক্তিক” বলে মন্তব্য করেন তিনি। অঞ্চলটিতে দীর্ঘদিন পুলিশ সুপার হিসেবে কাজ করা এবং মাওবাদী দমনে ভূমিকা রাখার অভিজ্ঞতা তুলে ধরে তিনি জানান, প্রশাসনিক দক্ষতা ও অঞ্চলের মানুষের স্বার্থেই ঝাড়গ্রামের মেদিনীপুর রেঞ্জে থাকা প্রয়োজন ছিল।

দীর্ঘদিনের প্রশাসনিক টানাপোড়েনের পর ঝাড়গ্রাম ও মেদিনীপুরের এই পুনর্মিলনকে স্বাভাবিক ছন্দ ফেরার ইঙ্গিত বলেই মনে করছেন সংশ্লিষ্ট বিষেশজ্ঞরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *