জাপানের স্বপ্ন এবার সিকিমে, চেরি ব্লসমের মোহময় সৌন্দর্যে সাজল পাহাড়! – বর্তমান বাংলা

সিকিমে চেরি ব্লসমের হাতছানি: জাপানের আমেজ এখন পাহাড়ের কোলে
নিজস্ব প্রতিবেদন, ৭ নভেম্বর ২০২৬: জাপানের চেরি ব্লসমের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে এখন আর বিদেশের পথে পাড়ি দেওয়ার প্রয়োজন নেই। ভারতের সিকিমেই এখন উপভোগ করা যাবে সেই অপূর্ব প্রাকৃতিক শোভা। পাহাড়ি ঢাল জুড়ে ফুটে ওঠা গোলাপি-সাদা চেরি ব্লসমের রূপ দেখতে পর্যটকদের জন্য সেজে উঠেছে সিকিম।
আগামী ১৪ নভেম্বর থেকে ২৮ নভেম্বর পর্যন্ত সিকিমের একমাত্র চা বাগান, টেমি টি গার্ডেনে আয়োজিত হতে চলেছে ‘সিকিম চেরি ব্লসম উৎসব’। শীতের শুরুতে পাহাড়ের কোলে এই উৎসবকে ঘিরে পর্যটন প্রেমীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য এবং চেরি ব্লসমের মেলবন্ধনে এক নান্দনিক পরিবেশের সাক্ষী হতে দেশ-বিদেশের পর্যটকদের ভিড় জমবে বলে আশা করা হচ্ছে।
প্রশাসন সূত্রে খবর, এই উৎসবকে কেন্দ্র করে বিশেষ প্রস্তুতি নেওয়া হয়েছে, যাতে পর্যটকরা হিমালয়ের কোলে জাপানি ধাঁচের এই প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে পারেন। উৎসবের দিনগুলিতে স্থানীয় সংস্কৃতি ও কৃষ্টির ছোঁয়াও থাকবে এই আয়োজনে।