জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে উদ্ধার দুই পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ে উদ্ধার দুই পুলিশ অফিসারের গুলিবিদ্ধ দেহ

জম্মু-কাশ্মীরের কিশ্তওয়াড়ের জঙ্গল থেকে বৃহস্পতিবার দুই স্পেশ্যাল পুলিশ অফিসারের (এসপিও) গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়েছে। মৃতদের নাম রসপাল কুমার (৪০) এবং ববি চন্দ (৫৪)। তাঁরা দচ্ছন থানায় কর্মরত ছিলেন। বুধবার বিকেলে সেনার সঙ্গে টহলদারি চালানোর সময় তাঁরা নিখোঁজ হয়ে যান। দচ্ছন-মারওয়া এলাকা থেকে ধেরনায় সেনাচৌকিতে যাওয়ার পথে তাঁদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ওই সময় এলাকায় মোবাইলের নেটওয়ার্কের সমস্যা ছিল এবং গুলির আওয়াজ শোনা গিয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

নিখোঁজ হওয়ার খবর পাওয়ার পরেই রাষ্ট্রীয় রাইফেলস্‌ এবং পুলিশের যৌথবাহিনী ওই পাহাড়ি এলাকায় রাতভর তল্লাশি অভিযান চালায়। বৃহস্পতিবার ভোরে নিখোঁজ হওয়ার স্থান থেকে প্রায় দুই কিলোমিটার দূরে তাঁদের দেহ উদ্ধার হয়। মৃতদেহগুলির পাশ থেকে তাঁদের ব্যবহৃত বন্দুকও উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে এলাকাটি ঘিরে ফেলে তল্লাশি জোরদার করা হয়েছে।

প্রাথমিক তদন্তে এই ঘটনায় জঙ্গি হামলার সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না পুলিশ। উল্লেখ্য, বুধবারই কুলগামে সিআরপিএফ ক্যাম্পে জঙ্গি হামলার ঘটনা ঘটেছিল, যেখানে তিন জওয়ান আহত হন। কিশ্তওয়াড়ের এই ঘটনায় জঙ্গি যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে প্রশাসন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *