জমির দালালি করতে গিয়ে ভয়ঙ্কর ফাঁদ! জওয়ানের স্ত্রীকে মাদক খাইয়ে গণধর্ষণ ও ধর্মান্তর, গ্রেফতার ২
নাগপুরে জমির ব্যবসার অছিলায় ভারতীয় বায়ুসেনার এক জওয়ানের স্ত্রীকে গণধর্ষণ, ব্ল্যাকমেল এবং জোরপূর্বক ধর্মান্তকরণের অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে সোনেগাঁও থানার পুলিশ। ধৃতদের নাম আয়াজ তাজ মাদারে ও আমিন শেখ। এই ঘটনায় মূল অভিযুক্ত হযরত মাওলানা নামে এক ব্যক্তি পলাতক রয়েছে। পুলিশ জানিয়েছে, গত বছর ফেব্রুয়ারি মাসে পুরনো সহপাঠী আয়াজ জমি কেনার নাম করে ওই তরুণীর সঙ্গে যোগাযোগ করে তাকে হোটেলে নিয়ে গিয়ে মাদক খাইয়ে ধর্ষণ করে এবং আপত্তিকর ভিডিও ধারণ করে। ওই ভিডিও ভাইরাল করার ভয় দেখিয়ে অভিযুক্তরা তার কাছ থেকে তিন লাখ ৯ হাজার টাকা হাতিয়ে নেয় এবং দীর্ঘদিন ধরে যৌন নির্যাতন চালায়।
তদন্তে জানা গেছে, গত ৩১ মে অভিযুক্তরা ওই তরুণীকে জোরপূর্বক ধর্মান্তকরণের উদ্দেশ্যে বিভিন্ন ধর্মীয় আচার পালনে বাধ্য করে, যার একটি ভিডিও পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। সামাজিক সম্মান ও আতঙ্কে এতদিন ভুক্তভোগী চুপ থাকলেও, সম্প্রতি তার স্বামী বাড়ি ফিরলে পুরো বিষয়টি প্রকাশ্যে আসে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে গণধর্ষণ, তোলাবাজি, জোরপূর্বক ধর্মান্তকরণের চেষ্টা এবং মহারাষ্ট্রের কুসংস্কার ও কালো জাদু প্রতিরোধ আইনের অধীনে মামলা রুজু করেছে। ধৃতদের পাঁচ দিনের পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে এবং পলাতক মূল অভিযুক্তকে ধরতে তল্লাশি চলছে।