জন্মদিনে মমতার আশ্রয়ে অভিমানী অভিষেক! – বর্তমান বাংলা

জন্মদিনে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাসভবনের সামনে উত্তেজনা: তৃণমূলের পরিবর্তিত পরিস্থিতিতে ম্লান উদযাপন
নিজস্ব প্রতিবেদক, কলকাতা: তৃণমূল কংগ্রেসের ক্ষমতার পরিবর্তনের আবহে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন ঘিরে উত্তাল হয়ে উঠল কালীঘাট এলাকা। শুক্রবার রাত থেকে শনিবার সন্ধ্যা পর্যন্ত হরিশ চ্যাটার্জি স্ট্রিটে অভিষেকের বাসভবনের সামনে দফায় দফায় সংঘাত ও উত্তেজনা দেখা দেয়।
সূত্রের খবর, শুক্রবার রাতে অভিষেকের জন্মদিন উপলক্ষে কেক কাটা ও আতসবাজির আয়োজন করা হলেও, রাত বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পাল্টা জমায়েত থেকে ‘চোর’ স্লোগান তোলা হলে দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বেঁধে যায়, যা ভোর পর্যন্ত স্থায়ী হয়। এই পরিস্থিতির মধ্যেই কালীঘাট থানার ওসির সঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাকবিতণ্ডার ঘটনাও ঘটে।
শনিবার দুপুরে পরিস্থিতি পর্যবেক্ষণ করে মমতা বন্দ্যোপাধ্যায় হরিশ চ্যাটার্জি স্ট্রিটের নিজের বাসভবন থেকে বেরিয়ে অভিষেকের বাড়িতে পৌঁছান। হ্যান্ড মাইক নিয়ে তিনি উপস্থিত কর্মীদের উদ্দেশ্যে রাজনৈতিক বার্তা দেন। এ সময় অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায়কে বাসার বারান্দা থেকে পরিস্থিতির ওপর নজর রাখতে দেখা যায়।
অন্যান্য বছরের তুলনায় এবারের জন্মদিনের উদযাপনে ছিল স্পষ্ট ভাটা। বিগত বছরগুলোতে অভিষেকের অনুগামীদের যে ভিড়, হলুদ পতাকার আধিক্য এবং উদ্দীপনা দেখা যেত, এবার তার ছিটেফোঁটাও ছিল না। সন্ধ্যায় মমতা ও অভিষেক যখন সংবাদমাধ্যমের সামনে আসেন, তখন ঘটনাস্থলে মেরেকেটে শ-দেড়েক মানুষ উপস্থিত ছিলেন। রাজনৈতিক মহলের মতে, তৃণমূলের বর্তমান অস্তিত্ব সংকটের কারণে অনেকেই ঝুঁকি নিতে চাননি।
তৃণমূলের দাপুটে সময়ে অভিষেককে ঘিরে যে ‘ক্যাপ্টেন’ বা ‘যুবরাজ’-সুলভ উন্মাদনা থাকত, এবার তার কোনো ছাপ ছিল না। পোস্টার বা ফ্লেক্সে ‘দাদা’ সম্বোধন থাকলেও আগের মতো বড় কোনো আয়োজন বা ভিআইপি নেতাদের দীর্ঘ লাইন ছিল না। দলের বর্ষীয়ান নেতাদের একাংশ প্রশ্ন তুলেছেন, বর্তমান পরিস্থিতিতে এই জন্মদিন উদযাপনে রাশ টানা উচিত ছিল কি না।
উল্লেখ্য, প্রতি বছর অভিষেক যে বলিউডি কায়দায় জনসমাগম ও শোরগোল তৈরি করতেন, এবার তা সম্পূর্ণ অনুপস্থিত। রাজনীতির পালাবদলে ক্ষমতা হারানোর এই নতুন বাস্তবতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রভাব ও অনুগামীদের ভিড় যে অনেকটাই স্তিমিত, তা শনিবারের কালীঘাটের ছবিতেই স্পষ্ট হয়ে উঠেছে।