ছাত্রীদের ভিডিও রেকর্ডিংয়ের অভিযোগ, উপাচার্যের জবাবদিহি চেয়ে উত্তাল বিশ্ববিদ্যালয়

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিরাপত্তারক্ষীদের বিরুদ্ধে ছাত্রীদের ছবি ও ভিডিও তোলার অভিযোগ ঘিরে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে। আন্দোলনকারী ছাত্রীদের অভিযোগ, গত দেড় থেকে দু’মাস ধরে নিরাপত্তারক্ষীরা তাঁদের ব্যক্তিগত মোবাইল ফোনে ছবি ও ভিডিও তুলছেন। এই ঘটনাকে তাঁরা ব্যক্তিগত গোপনীয়তায় হস্তক্ষেপ এবং যৌন হেনস্তার শামিল বলে দাবি করেছেন।

আন্দোলনকারীদের আরও অভিযোগ, নিরাপত্তারক্ষীদের এক আধিকারিক এই কাজের জন্য ‘উপর থেকে’ নির্দেশ আসার কথা জানিয়েছেন, যা সরাসরি উপাচার্যের দিকেই ইঙ্গিত করে। ছাত্রীদের এই অভিযোগের প্রেক্ষিতে উপাচার্য একটি সিসিটিভি ফুটেজ দেখিয়ে তা অস্বীকার করেছেন বলে জানা গেছে। কিন্তু আন্দোলনকারীদের প্রশ্ন, সিসিটিভি ফুটেজে কিছু না দেখা গেলেও ব্যক্তিগত ফোনে রেকর্ডিংয়ের অভিযোগ কীভাবে অস্বীকার করা যায়? এমনকি শৌচাগার পর্যন্ত তাঁদের অনুসরণ করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন ছাত্রীরা।

এই ঘটনার স্পষ্ট ব্যাখ্যা এবং উপাচার্যের জবাবদিহি না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অনড় রয়েছেন তাঁরা। ঘটনার জেরে ছয়জন নিরাপত্তারক্ষীকে বরখাস্ত করা হলেও নিরাপত্তা বিভাগের প্রধান প্রবীর মুন্সির বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। আন্দোলনকারীদের দাবি, নিচুতলার কর্মীদের শাস্তি দিয়ে প্রশাসনের দায় শেষ হতে পারে না। হেনস্তায় অভিযুক্তদের পাশাপাশি নির্দেশদাতা ও মদতদাতাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে হবে। উপাচার্যকে সরাসরি সামনে এসে এই বিষয়ে জবাব দেওয়ার দাবি জানিয়েছেন আন্দোলনরত ছাত্রীরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *