ছত্তিশগড়ের পাহাড়ে বিশাল অস্ত্রভাণ্ডার, উদ্ধার ৭১১টি গ্রেনেড লঞ্চার শেল! – বর্তমান বাংলা

ছত্তিশগড়ের পাহাড়ে বিশাল অস্ত্রভাণ্ডার, উদ্ধার ৭১১টি গ্রেনেড লঞ্চার শেল! – বর্তমান বাংলা

ছত্তিশগড়ের পাহাড়ে মাওবাদীদের গোপন অস্ত্রভাণ্ডারের হদিশ, উদ্ধার ৭১১টি গ্রেনেড শেল

নিজস্ব প্রতিবেদন, বিজাপুর: ছত্তিশগড়কে আনুষ্ঠানিকভাবে ‘মাওবাদীমুক্ত’ ঘোষণা করার পরেও রাজ্যের দুর্গম অঞ্চলগুলিতে মাওবাদীদের ফেলে যাওয়া বিস্ফোরকের সন্ধান মিলছে। এবার বিজাপুরের কারেগুট্টা পাহাড়ে তল্লাশি চালিয়ে ৭১১টি গ্রেনেড লঞ্চারের শেল উদ্ধার করল সিআরপিএফ ও কোবরা বাহিনী।

নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে অবস্থিত কারেগুট্টা পাহাড় একসময় মাওবাদীদের অন্যতম প্রধান ঘাঁটি ছিল। গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালায় সিআরপিএফের বিশেষ শাখা ‘কোবরা’। তারাপাল্লা গ্রাম থেকে দেড় কিলোমিটার উত্তর-পশ্চিমে পাহাড়ের গভীরে মাটির নিচে পুঁতে রাখা অবস্থায় এই বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়।

নিরাপত্তাবাহিনীর প্রাথমিক অনুমান, মাওবাদীরা আত্মগোপন করে থাকার সময় নাশকতার উদ্দেশ্যে এই অস্ত্রভাণ্ডার মজুত করেছিল। উদ্ধার হওয়া শেলগুলি অত্যন্ত ঝুঁকিপূর্ণ হওয়ায় কোনো ধরনের দুর্ঘটনা এড়াতে ওই এলাকায় গ্রামবাসীদের চলাচলের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

উল্লেখ্য, গত বছর এপ্রিল-মে মাসে দীর্ঘ ২১ দিনের এক টানা অভিযানে এই এলাকা থেকে মাওবাদীদের উৎখাত করে নিরাপত্তাবাহিনী। সেই অভিযানে ৩১ জন মাওবাদীর মৃত্যু হয়। এরপর গত নভেম্বর মাসে সেখানে নিরাপত্তাবাহিনীর স্থায়ী শিবির স্থাপন করা হয়। উল্লেখ্য, চলতি বছরের ৩১ মার্চ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ছত্তিশগড়কে মাওবাদীমুক্ত বলে ঘোষণা করেন। তবে এত বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনায় এলাকায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। পুরো এলাকাটি বর্তমানে নিশ্ছিদ্র নিরাপত্তার ঘেরাটোপে রাখা হয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *