চিনের তিয়ানগং মহাকাশ স্টেশনে পাকিস্তানের প্রথম নভোচারী, মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত

চিনের গোবি মরুভূমির জিউকুয়ান স্যাটেলাইট উৎক্ষেপণ কেন্দ্র থেকে বুধবার ভারতীয় সময় ভোর ৫টা ৪৮ মিনিটে ‘লং মার্চ ২এফ’ রকেট সফলভাবে মহাকাশের উদ্দেশ্যে পাড়ি দিয়েছে। এই অভিযানের মধ্য দিয়ে পাকিস্তানের প্রথম নভোচারী হিসেবে মহাকাশে পৌঁছালেন পাকিস্তান বিমানবাহিনীর পাইলট মুহাম্মদ জিশান আলী। তিনি চিনের নিজস্ব মহাকাশ স্টেশন ‘তিয়ানগং’-এর উদ্দেশ্যে যাত্রা করেছেন।

শেনঝো-২৪ মহাকাশযানে জিশান আলীর সঙ্গে রয়েছেন দুই চিনা নভোচারী তাং হংবো এবং উ ই। রকেটটি নির্ধারিত কক্ষপথে নিরাপদে প্রবেশ করার পর চিনা কর্মকর্তারা এই উৎক্ষেপণকে সম্পূর্ণ সফল বলে ঘোষণা করেছেন। এই অভিযান পাকিস্তানের মহাকাশ গবেষণার ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবে চিহ্নিত হয়েছে।

জিশান আলী প্রায় এক সপ্তাহ তিয়ানগং মহাকাশ স্টেশনে অবস্থান করে মাইক্রোগ্রাভিটি বা শূন্য মাধ্যাকর্ষণে জীববিজ্ঞান ও পদার্থবিজ্ঞানের বিভিন্ন বৈজ্ঞানিক পরীক্ষা-নিরীক্ষা চালাবেন। উল্লেখ্য, এর আগে ২০২৩ সালে নামিরা সালিম বাণিজ্যিক ফ্লাইটে মহাকাশের সীমানায় পৌঁছালেও, জিশান আলীই প্রথম পাকিস্তানি যিনি সরকারি পৃষ্ঠপোষকতায় মহাকাশ স্টেশনে গিয়ে কাজ করার সুযোগ পেলেন।

২০২৫ সাল থেকে চিনে কঠোর প্রশিক্ষণের মাধ্যমে তিনি মহাকাশযান পরিচালনা ও জরুরি পরিস্থিতি মোকাবিলার কৌশল রপ্ত করেছেন। চিনের জন্য এই মিশন অত্যন্ত তাৎপর্যপূর্ণ, কারণ তিয়ানগং মহাকাশ স্টেশন নির্মাণের পর এই প্রথম তারা কোনো বিদেশি নভোচারীকে সেখানে স্বাগত জানাল। পাকিস্তান ও চিনের কূটনৈতিক সম্পর্কের ৭৫তম বার্ষিকীতে এই যৌথ উদ্যোগ দুই দেশের ক্রমবর্ধমান মহাকাশ অংশীদারিত্বের এক উজ্জ্বল দৃষ্টান্ত। বেজিং আশা করছে, জিশান আলীর এই উপস্থিতি পাকিস্তানের তরুণ প্রজন্মকে বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি অনুপ্রাণিত করবে। আন্তর্জাতিক মহাকাশ স্টেশন যখন তার কার্যক্রমের শেষ পর্যায়ে, তখন তিয়ানগংকে একটি বহুজাতিক গবেষণা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার বার্তাই দিল চিন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *