চিনের ঘুম উড়িয়ে লাদাখের পাহাড়ে ইতিহাস গড়ল বায়ুসেনা! – বর্তমান বাংলা

লাদাখে ইতিহাস গড়ল বায়ুসেনা: ১৩,৭০০ ফুট উচ্চতায় সফলভাবে অবতরণ আইএল-৭৬এমডি বিমানের
নিজস্ব প্রতিবেদন: ভারতের সামরিক সক্ষমতায় নতুন পালক। লাদাখের অত্যন্ত দুর্গম ও কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নোওমা বিমানঘাঁটিতে সফলভাবে অবতরণ করল ভারতীয় বায়ুসেনার ভারী পরিবহন বিমান আইএল-৭৬এমডি। প্রায় ১৩ হাজার ৭০০ ফুট (১৩,৬২৯ ফুট) উচ্চতায় এই বিমান অবতরণ করিয়ে ভারত এক নয়া ইতিহাস গড়ল। শনিবার বায়ুসেনার পক্ষ থেকে এই সাফল্যের কথা নিশ্চিত করা হয়েছে।
প্রতিরক্ষা সূত্র মারফত জানা গিয়েছে, রাশিয়ার তৈরি চার ইঞ্জিনবিশিষ্ট এই আইএল-৭৬এমডি বিমান মূলত ভারী অস্ত্রশস্ত্র, সরঞ্জাম এবং সেনা পরিবহনের কাজে ব্যবহৃত হয়। দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত সৈন্য মোতায়েন এবং প্রয়োজনীয় রসদ পৌঁছে দেওয়ার ক্ষেত্রে এই ধরণের বিমানের অবতরণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বায়ুসেনার কর্মপদ্ধতি ও পাইলটদের পেশাদারিত্বের প্রশংসা করে বাহিনীর পক্ষ থেকে এই অভিযানের একটি ভিডিও-ও প্রকাশ করা হয়েছে।
প্রসঙ্গত, প্রকৃত নিয়ন্ত্রণরেখার (LAC) খুব কাছে অবস্থিত লাদাখের এই নোওমা বিমানঘাঁটিটি ভারতের কৌশলগত সুরক্ষার খাতিরে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০২১ সালে ভারত সরকার ২১৪ কোটি টাকা ব্যয়ে এই প্রকল্পটির অনুমোদন দিয়েছিল। গত বছর দীর্ঘ প্রতীক্ষার পর ঘাঁটিটি চালু করা হয়। যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবিলায় এবং উত্তর সীমান্তের দুর্গম পাহাড়ি এলাকায় দ্রুত যোগাযোগের লক্ষ্যে এই বিমানঘাঁটিটি বিশেষভাবে ডিজাইন করা হয়েছে। স্থলপথে যাতায়াত যেখানে প্রায় অসম্ভব, সেখানে এই বিমানঘাঁটি ভারতীয় সেনার শক্তি বহুগুণ বাড়িয়ে তুলবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা।