চাকরি বা পড়াশোনা করা স্ত্রীর অধিকার, স্বামীর দয়া নয়! – বর্তমান বাংলা

উচ্চশিক্ষা ও কর্মজীবন নারীর অধিকার, পারিবারিক আদালতের রায় খারিজ ঝাড়খণ্ড হাইকোর্টের
নিজস্ব প্রতিবেদক: বিয়ের পর উচ্চশিক্ষা ও চাকরি করা স্ত্রীর অধিকার, এটি কোনোভাবেই স্বামীর দয়ার দান নয়। এক মামলার রায়ে এমনটাই স্পষ্ট বার্তা দিয়েছে ঝাড়খণ্ড হাইকোর্ট। একইসঙ্গে পারিবারিক বিবাদের ক্ষেত্রে লিঙ্গভিত্তিক চিরাচরিত ধারণা বা জেন্ডার স্টেরিওটাইপের কঠোর সমালোচনা করেছে আদালত।
ঘটনার সূত্রপাত ২০০৪ সালে, যখন ওই দম্পতির বিয়ে হয়। ২০০৭ সালে তাদের এক কন্যা সন্তান জন্ম নেয়। এরপর শারীরিক ও মানসিক নির্যাতন এবং পণের দাবির অভিযোগ তুলে স্ত্রী হিন্দু বিবাহ আইনের ১৩ (১) (আইএ) ধারায় বিবাহ বিচ্ছেদের আবেদন করেন। স্ত্রীর অভিযোগ, স্বামী তাকে চাকরি ছাড়তে বাধ্য করেন এবং দিল্লির প্রতিশ্রুতি দিয়ে সেখানে নিয়ে গিয়ে মাঝপথে তাকে ও সন্তানকে ফেলে চলে আসেন। পরবর্তীতে বিদেশ যাওয়ার জন্য স্বামীর কাছে ৫ লক্ষ টাকা না পেয়ে নির্যাতনের শিকার হতে হয় তাকে।
২০১৯ সালে জামশেদপুরের পারিবারিক আদালত ওই বিবাহ বিচ্ছেদের আবেদন খারিজ করে দেয়। আদালতের পর্যবেক্ষণ ছিল, স্বামী স্ত্রীকে উচ্চশিক্ষা ও চাকরির সুযোগ দিয়ে উদারতার পরিচয় দিয়েছেন। স্ত্রীকে ‘অতি উচ্চাকাঙ্ক্ষী’ বলেও মন্তব্য করে পারিবারিক আদালত।
এই রায়ের বিরুদ্ধে স্ত্রী ঝাড়খণ্ড হাইকোর্টের দ্বারস্থ হন। হাইকোর্টের প্রধান বিচারপতি এম এস সোনক ও বিচারপতি মনোজ প্রসাদের ডিভিশন বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, বিয়ের পর উচ্চশিক্ষা চালিয়ে যাওয়া একজন নারীর মৌলিক অধিকার। এটি স্বামীর উদারতা নয়। পুরুষের ক্ষেত্রে উচ্চশিক্ষা বা কর্মজীবনকে যেভাবে স্বাভাবিক বিষয় হিসেবে দেখা হয়, নারীর ক্ষেত্রে তা কেন ‘উচ্চাকাঙ্ক্ষা’ বা ‘অস্বাভাবিক’ বলে গণ্য হবে? লিঙ্গভিত্তিক এমন পক্ষপাতমূলক ধারণার ভিত্তিতে কোনো নারীর আইনি অধিকার খর্ব করা যায় না।
আদালত আরও জানায়, দাম্পত্য সম্পর্কের ভিত্তি হওয়া উচিত পারস্পরিক সম্মান ও সমতা। বিচারপতিদের মতে, স্বামী ও স্ত্রীর সমান অধিকার রয়েছে। পারিবারিক আদালতের পূর্বের পর্যবেক্ষণকে ভিত্তিহীন আখ্যা দিয়ে হাইকোর্ট তা খারিজ করে দেয় এবং হিন্দু বিবাহ আইনের ১৩ (১) (আইএ) ধারা অনুযায়ী দম্পতিকে বিবাহ বিচ্ছেদের অনুমতি দেয়।