চাঁদের কৃত্রিম মাটিতে সফল আলু চাষ, দীর্ঘ মহাকাশ অভিযানে খাদ্য সংকটের আশার আলো

চাঁদের কৃত্রিম মাটিতে সফল আলু চাষ, দীর্ঘ মহাকাশ অভিযানে খাদ্য সংকটের আশার আলো

দীর্ঘমেয়াদী চন্দ্রাভিযানে মহাকাশচারীদের খাবারের জোগান নিশ্চিত করতে চাঁদের মাটিতে চাষাবাদের সম্ভাবনা নিয়ে গবেষণা চালাচ্ছেন বিজ্ঞানীরা। পৃথিবী থেকে বিপুল পরিমাণ খাদ্য সামগ্রী বহন করা বাস্তবসম্মত নয় বলে, চাঁদের মাটিতেই ফসল ফলানোর কৌশল খুঁজছেন গবেষকরা। ওরেগন স্টেট ইউনিভার্সিটির উদ্ভিদ-জীববিজ্ঞানী অ্যামেরিক গয়ার এবং তাঁর সহযোগীরা কৃত্রিমভাবে তৈরি চাঁদের মাটিতে (সিমুলেটেড রিগোলিথ) সফলভাবে আলু চাষ করে এই পথে এক ধাপ এগিয়েছেন।

চন্দ্রপৃষ্ঠের মাটি বা রিগোলিথে কোনো জৈব পদার্থ বা নাইট্রোজেন থাকে না, যা ফসল ফলানোর জন্য অপরিহার্য। গবেষকরা আগ্নেয়গিরির শিলা ও খনিজ পদার্থ ব্যবহার করে চাঁদের মাটির অনুরূপ কৃত্রিম মাটি তৈরি করেন। এরপর তাতে বিভিন্ন মাত্রায় জৈব সার মিশিয়ে পরীক্ষা চালানো হয়। গবেষণায় দেখা গেছে, ৯৫ শতাংশ রিগোলিথ ও ৫ শতাংশ জৈব সারের মিশ্রণে আলুর শিকড় ও কন্দ তৈরি হয়েছে। আবার ৩০ শতাংশ জৈব সার মেশানো মাটিতে পৃথিবীর মাটির মতোই উন্নত মানের আলু ফলেছে।

এই গবেষণায় ‘মোডক’ জাতের আলু ব্যবহার করা হয়েছে, যা দ্রুত ফলন দিতে সক্ষম। গ্রিন হাউসে নিয়ন্ত্রিত আলো ও তাপমাত্রায় এই চাষাবাদ সম্পন্ন হয়েছে। গবেষকদের মতে, আলু পুষ্টিগুণে ভরপুর এবং অন্যান্য ফসলের তুলনায় অনেক বেশি ক্যালোরি সরবরাহ করতে পারে। ‘এনপিজে মাইক্রোগ্র্যাভিটি’ জার্নালে প্রকাশিত এই গবেষণায় নাসা সহায়তা করেছে। এর আগে চাঁদের কৃত্রিম মাটিতে ছোলা, টমেটো ও শাকজাতীয় ফসল ফলানোর পরীক্ষাও চালানো হয়েছে, যা ভবিষ্যতে মহাকাশ গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করতে পারে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *