গুগল ম্যাপসকে বৃদ্ধাঙ্গুলি! ৪ ঘণ্টার পথ ২০ মিনিটে পাড়ি দিল বিদেশি পর্যটক!
বিহারের তীব্র দাবদাহ উপেক্ষা করে এক মার্কিন পর্যটকের রাজ্যের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানোর ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ‘tonykmontana’ নামক ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে শেয়ার করা ওই ভিডিওতে দেখা যায়, পর্যটকটি বিহারের স্থানীয় জীবনযাত্রা, সংস্কৃতি এবং খাবারের প্রতি প্রবল আগ্রহ দেখাচ্ছেন। ভাগলপুর ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে তিনি বলেন, বিহারের এই সফর তাকে এক অনন্য অভিজ্ঞতার মুখোমুখি করেছে।
ভিডিওতে পর্যটক জানান, এতদিন যেকোনো গন্তব্যে পৌঁছানোর জন্য তিনি সম্পূর্ণ গুগল ম্যাপসের ওপর নির্ভরশীল ছিলেন। কিন্তু বিহারে এসে প্রযুক্তির নির্দেশনার চেয়ে স্থানীয় মানুষের অভিজ্ঞতাই যে বেশি কার্যকর, তা ফুটে ওঠে। গুগল ম্যাপসে ভাগলপুরের যে গন্তব্য ৪ ঘণ্টার পথ হিসেবে দেখানো হয়েছিল, স্থানীয়দের পরামর্শে মাত্র ২০ মিনিটে সেই স্থানে পৌঁছে তিনি অবাক হন। এছাড়া গঙ্গার সৌন্দর্য উপভোগ এবং বিহারের ঐতিহ্যবাহী মটন কারির স্বাদ নেওয়ার পাশাপাশি সেখানকার মানুষের আতিথেয়তায় মুগ্ধ হয়েছেন এই পর্যটক। তার এই ভ্রমণ নিয়ে নেটদুনিয়ায় ব্যাপক সাড়া পড়েছে।