গরিবি হটাও স্লোগান নয়, ১২ বছরে ৫০ কোটির দারিদ্র দূর! দাবি প্রধানমন্ত্রীর – বর্তমান বাংলা

১২ বছরে ৫০ কোটি মানুষ দারিদ্রসীমার ঊর্ধ্বে, বিশ্বব্যাঙ্কের রিপোর্ট তুলে ধরে ইন্দিরাকে বিঁধলেন মোদি
নিজস্ব প্রতিবেদন: দিওয়ালির সকালে ছত্তিশগড়ের বাস্তার থেকে দেশের দারিদ্র দূরীকরণ নিয়ে বিরোধীদের নিশানা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক একটি রিপোর্টকে হাতিয়ার করে তিনি দাবি করেন, গত ১২ বছরে দেশে প্রায় ৫০ কোটি মানুষ দারিদ্রসীমার ঊর্ধ্বে উঠেছেন। নাম না করে প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর আমলের ‘গরিবি হটাও’ স্লোগানকে কটাক্ষ করে প্রধানমন্ত্রী বলেন, কেবল স্লোগান দেওয়াই যথেষ্ট নয়, দারিদ্র দূরীকরণে প্রয়োজন প্রকৃত ইচ্ছাশক্তি।
একসময়ে মাওবাদীদের ঘাঁটি হিসেবে পরিচিত বাস্তারের মাটিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী নিজের সরকারের সাফল্য তুলে ধরেন। তিনি বলেন, “গত ১২ বছরে এই সরকার গরিব কল্যাণমূলক প্রকল্পগুলির কাজের গতি বহুগুণ বাড়িয়ে দিয়েছে। যার সুফল পেয়েছে দেশ। বিশ্বব্যাঙ্কের রিপোর্ট অনুযায়ী, ২০১১-১২ থেকে ২০২৩-২৪ অর্থবর্ষ পর্যন্ত প্রায় ৪৯.৬ কোটি মানুষ দারিদ্রসীমার বাইরে বেরিয়ে এসেছেন।” তাঁর কথায়, ‘আত্মনির্ভর’ এবং ‘বিকশিত ভারত’ গড়ার যে লক্ষ্য সরকার নিয়েছে, তা বাস্তবায়নের পথে দেশ এগোচ্ছে।
বিশ্বব্যাঙ্কের সমীক্ষা অনুযায়ী, ২০১১ সালে ভারতে দারিদ্রসীমার নিচে থাকা মানুষের হার ছিল ৫৭.৭ শতাংশ, যা ২০২৩ সালে কমে ১৬.১ শতাংশে দাঁড়িয়েছে। অতি দারিদ্রের হারও ২৭.১ শতাংশ থেকে কমে ২.৬ শতাংশে নেমেছে। বিশ্বব্যাঙ্কের নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, দৈনিক ৪.২০ ডলারের (প্রায় ৪৪০ টাকা) বেশি উপার্জনকারী ব্যক্তিকে দরিদ্র হিসেবে গণ্য করা হচ্ছে না।
যদিও সামগ্রিক এই উন্নতি সত্ত্বেও রিপোর্টে কিছু উদ্বেগের দিকও উঠে এসেছে। সমীক্ষা বলছে, এখনও গ্রামাঞ্চলে দারিদ্রের হার ১৯.৩ শতাংশ, যা শহরাঞ্চলের তুলনায় প্রায় ৮.৫ শতাংশ বেশি। পাশাপাশি, দেশে ধনবৈষম্যের চিত্রটিও এখনো চিন্তার কারণ। দেশের নিচুতলার ১০ শতাংশ মানুষের আয়ের তুলনায় ওপরতলার ১০ শতাংশ মানুষের আয় প্রায় ১৩ গুণ বেশি।
বাস্তারে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, সরকারের সদিচ্ছার কারণেই দারিদ্র দূরীকরণের এই লক্ষ্য অর্জন সম্ভব হয়েছে। তিনি জানান, সরকারি প্রকল্পের সুফল প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার মাধ্যমেই দেশের সার্বিক আর্থিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে বর্তমান সরকার।