গড়িয়াহাট বাজারে আচমকা হানা, অপরিচ্ছন্নতা ও দখলদারিতে কড়া পদক্ষেপ!

রাজ্যে প্রশাসনিক পালাবদলের পর বাজার ও জনপরিসরে শৃঙ্খলা ফেরাতে উদ্যোগী হয়েছে নতুন সরকার। এরই অংশ হিসেবে সোমবার সকালে গড়িয়াহাট বাজার পরিদর্শনে যান পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। পরিদর্শনের সময় মাছের বাজারের অস্বাস্থ্যকর পরিবেশ এবং দোকানের বেআইনি সম্প্রসারণ দেখে ক্ষোভ প্রকাশ করেন তিনি। মাছের বাজারে যত্রতত্র আবর্জনা জমা এবং নর্দমার মুখ বন্ধ থাকায় মন্ত্রী অসন্তোষ প্রকাশ করেন। একইসঙ্গে সরকারি জায়গা দখল করে দোকানের বাড়তি অংশ নির্মাণের বিষয়টি নজরে এলে জবরদখলকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেন তিনি।

বাজারের অব্যবস্থা দূর করতে ব্যবসায়ীদের ১৫ দিনের সময়সীমা বেঁধে দিয়েছেন মন্ত্রী। এই সময়ের মধ্যে বাজারের পরিবেশ ও পরিকাঠামোর উন্নতি না হলে আগামী ১ জুলাই থেকে কড়া জরিমানা কার্যকর করা হবে বলে জানানো হয়েছে। পরিচ্ছন্নতা বজায় রাখতে এবং নিয়ম মানার বিষয়ে ব্যবসায়ীদের পাশাপাশি পুরকর্মীদেরও সতর্ক করা হয়েছে। পরিদর্শন শেষে পুরমন্ত্রী স্পষ্ট জানিয়ে দিয়েছেন, বর্তমান সরকার নিয়ম মেনে কাজ করবে এবং কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে কোনো অনিয়ম বরদাস্ত করা হবে না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *