কাশ্মীর থেকে নিখোঁজ ৩০ জন পাকিস্তানে জঙ্গি কার্যকলাপে লিপ্ত, বাজেয়াপ্ত হল সম্পত্তি

জম্মু-কাশ্মীরের রেয়াসি জেলার মাহোর ও চাসানা এলাকা থেকে ১৯৯১ থেকে ২০০৩ সালের মধ্যে নিখোঁজ হওয়া ৩০ জন ব্যক্তি পাকিস্তানে বসে জঙ্গি কার্যকলাপ চালাচ্ছেন বলে তদন্তে উঠে এসেছে। জানা গেছে, তারা পাকিস্তানে অস্ত্র ও বিস্ফোরক তৈরির প্রশিক্ষণ নিয়েছেন এবং বর্তমানে হিজবুল মুজাহিদিনের হয়ে কাজ করছেন।

অভিযোগ রয়েছে যে, এই ব্যক্তিরা সীমান্তের ওপার থেকে ভারতে জঙ্গি কার্যকলাপ পরিচালনা করছেন এবং স্থানীয় যুবকদের উগ্রপন্থায় প্ররোচিত করছেন। তদন্তকারীদের দাবি, পাকিস্তানে বসে থাকা এই ব্যক্তিরা ভারতে তাদের পৈতৃক জমি বিক্রির চেষ্টা করছিলেন এবং সেই অর্থ সন্ত্রাসবাদী কার্যকলাপে ব্যবহারের পরিকল্পনা ছিল তাদের।

এই আর্থিক যোগসূত্র বিচ্ছিন্ন করতে এবং জঙ্গি অর্থায়ন রুখতে পুলিশ কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইন বা ইউএপিএ-র অধীনে এই সম্পত্তি বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরু হয়েছে। রেয়াসি পুলিশ ইতিমধ্যে পাঁচজন অভিযুক্তের প্রায় ২৯ কানাল জমি বাজেয়াপ্ত করেছে। অভিযুক্তদের মধ্যে রয়েছেন মহম্মদ কায়ুম, বশির আহমেদ, শওকত আলি হুন্ডার, মঞ্জুর আহমেদ এবং ইমতিয়াজ আহমেদ। ২০২৪ সালের ২৯ নভেম্বর দায়ের করা মামলার ভিত্তিতে সাক্ষীদের বয়ান ও তথ্যের ওপর ভিত্তি করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। জম্মু-কাশ্মীরে সন্ত্রাসবাদ দমনে জঙ্গিদের অর্থের উৎস বন্ধ করাকে এখন বিশেষ গুরুত্ব দিচ্ছে নিরাপত্তা বাহিনী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *