কাশীপুরে গভীর রাতে ভয়াবহ ডাকাতি, পুলিশের জালে ন’জন!
কলকাতার কাশীপুর এলাকায় একটি নির্মীয়মাণ আবাসন প্রকল্পে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় ৯ জনকে আটক করেছে কলকাতা পুলিশের বিশেষ তদন্তকারী দল (সিট)। আটককৃতদের মধ্যে ৬ জনই নাবালক। গত ১৮ জুন গভীর রাতে রুস্তমজি পারসি রোডের ওই প্রকল্পে নদীপথে এসে একদল সশস্ত্র দুষ্কৃতী হামলা চালায়। অভিযোগ, তারা কর্মীদের লক্ষ্য করে গুলি চালানোর পাশাপাশি নানা নির্মাণ সামগ্রী লুঠ করে ফের নদীপথেই পালিয়ে যায়। ঘটনার পর থেকেই শহরের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন উঠছে।
এই ঘটনায় নির্মাণ সংস্থার অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে পুলিশ ইতিমধ্যে লুঠ হওয়া সামগ্রীর কিছু অংশ উদ্ধার করেছে। তবে হামলায় ব্যবহৃত আগ্নেয়াস্ত্রের সন্ধান এখনও পাওয়া যায়নি। অপরাধমূলক কাজে বিপুল সংখ্যক নাবালকের সরাসরি সম্পৃক্ততা নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ এখন খতিয়ে দেখছে, এই কিশোর গ্যাংটির নেপথ্যে কোনো বড় চক্র রয়েছে কি না এবং তারা কীভাবে সংগঠিত হয়েছে। ঘটনায় জড়িত অন্যান্যদের খোঁজে তল্লাশি ও জিজ্ঞাসাবাদ অব্যাহত রেখেছে পুলিশ।